Tuesday, November 10, 2026

বিশ্বের সবচেয়ে দামি বিচ্ছেদের মুখে হুয়াং দম্পতি

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

বিবাহবিচ্ছেদের কারণে সম্পদ হস্তান্তরের বিশ্বরেকর্ড গড়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, সাবেক স্ত্রীকে দিয়েছিলেন ৩ হাজার ৫৬০ কোটি ডলার। এবার সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আলোচনায় এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। হুয়াং দম্পতির বিচ্ছেদ হলে তাঁর স্ত্রী লরি হুয়াং পেতে পারেন প্রায় ৭ হাজার ৭৫০ কোটি ডলার, বেজোসের সাবেক স্ত্রীর পাওয়া অঙ্কের দ্বিগুণেরও বেশি।

গত রোববার নিজের কর্মীদের উদ্দেশে পাঠানো এক ই-মেইলে জেনসেন হুয়াং স্বীকার করেন, তিনি স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশের পর এই স্বীকারোক্তি এলো। ই-মেইলে তিনি লিখেছেন, তাঁর কর্মকাণ্ড স্ত্রী ও সন্তানদের মনে আঘাত দিয়েছে, যা করেছেন তার কোনো অজুহাত হয় না, তিনি আন্তরিকভাবে দুঃখিত। স্ত্রী ও সন্তানদের উদ্দেশে তিনি লিখেছেন, আমি তোমাদের ভালোবাসি, ক্ষমা চাইলেই করা কাজগুলো মুছে যাবে না, আশা করি পরিবার এই পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং সময়ের সঙ্গে তিনি আবার তাঁদের বিশ্বাস অর্জন করতে পারবেন।

তবে হুয়াংয়ের এই স্বীকারোক্তির পর স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হবে কি না, তা এখনো পরিষ্কার নয়। এর প্রায় এক মাস আগে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলা হয়েছিল। ওই নারী বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করছেন বলে মার্কিন কর্তৃপক্ষের ধারণা, এ বিষয়ে তদন্তও শুরু করেছে এনভিডিয়া।

ফোর্বসের ধনকুবেরদের তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে দশম অবস্থানে রয়েছেন জেনসেন হুয়াং, তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১৫ হাজার ৫৪০ কোটি ডলার। তবে গত ২৪ ঘণ্টায় তাঁর সম্পদের মূল্য প্রায় ৬৮০ কোটি ডলার কমেছে, যা মোট সম্পদের ৪ দশমিক ১৮ শতাংশ।

বিচ্ছেদ হলে স্ত্রী পেতে পারেন ৭ হাজার ৭৫০ কোটি ডলার

হুয়াং দম্পতির বিবাহবিচ্ছেদ হলে এই সম্পদের একটি অংশ পাবেন তাঁর ৪১ বছরের জীবনসঙ্গী লরি হুয়াং। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, হুয়াংয়ের পুরো সম্পদ বৈবাহিক সম্পত্তি হিসেবে বিবেচনা করে সমান ভাগে ভাগ করা হলে স্ত্রী পেতে পারেন প্রায় ৭ হাজার ৭৫০ কোটি ডলার। ক্যালিফোর্নিয়ার সম্পত্তি বণ্টন আইন অনুযায়ী এই হিসাব করা হয়েছে, ওই অঙ্গরাজ্যেই বসবাস করেন হুয়াং, সেখানে বিবাহিত জীবনে অর্জিত সম্পদ সাধারণত স্বামী-স্ত্রীর মধ্যে সমানভাবে ভাগ হয়। প্রতিষ্ঠানটির শেয়ারের একটি অংশও পাবেন লরি, তবে চূড়ান্ত অঙ্ক নির্ভর করবে বিচ্ছেদের সময় সম্পদের পরিমাণের ওপর।

দুই প্রকৌশলী সহকর্মীকে নিয়ে ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন হুয়াং। তার আট বছর আগে, ১৯৮৫ সালে লরিকে বিয়ে করেছিলেন তিনি। এনভিডিয়ার শেয়ারের মূল্য দ্রুত বেড়ে যাওয়ায় হুয়াংয়ের বর্তমান সম্পদের বড় অংশই তৈরি হয়েছে তাঁদের বিবাহিত জীবনেই। তবে ৭ হাজার ৭৫০ কোটি ডলারের এই হিসাব অনুমাননির্ভর, আদৌ বিচ্ছেদ হলে সম্পদ কীভাবে ভাগ হবে তা এখনই নিশ্চিত করে বলা কঠিন।

২০১৯ সালে জেফ বেজোস ও তাঁর স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের বিবাহবিচ্ছেদ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। ২৫ বছরের দাম্পত্যের অবসানের পর স্কটকে প্রায় ৩ হাজার ৫৬০ কোটি ডলারের সম্পদ দেন বেজোস, তখন এটিই ছিল বিচ্ছেদজনিত বিশ্বের সবচেয়ে বড় সম্পদ হস্তান্তর। অ্যামাজনের ৪ শতাংশ শেয়ারের মালিকানা ধরে রাখেন স্কট। হুয়াং দম্পতির বিচ্ছেদ হলে সম্ভাব্য প্রাপ্য সেই রেকর্ডের দ্বিগুণেরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে।

Share

Read more

Local News