অর্ধশত বিদেশিদের নিয়ে থাকছে লোকজ সংস্কৃতি
ঈদ মানেই আনন্দ। আর টেলিভিশন পর্দায় ঈদের আনন্দ মানেই ‘ইত্যাদি’। এবারের ঈদেও সেই ধারাবাহিকতা বজায় রাখছেন নির্মাতা হানিফ সংকেত। বিশেষ পর্বে থাকছে ব্যতিক্রমী সব আয়োজন। ইত্যাদিতে নান্দনিক পরিবেশনায় হাজির হচ্ছেন চিত্রনায়ক শরিফুল রাজ ও অভিনেত্রী-মডেল সাবিলা নূর। পাশাপাশি অর্ধশত বিদেশি নাগরিককে নিয়ে থাকছে লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণিল উপস্থাপন। বিনোদনের মোড়কে বলা হবে কঠিন সব সত্য কথা।

সমাজের অবক্ষয় ও নীতিহীনতা গানে
দলীয় সংগীতে তুলে ধরা হয়েছে সমাজের নানা অবক্ষয় ও অসংগতি। ছোটবেলায় শেখা নীতিকথা বড় হয়ে গিয়ে কীভাবে অর্থহীন হয়ে পড়ে সেই বাস্তবতাই উঠে এসেছে এবারের গানে। মিথ্যা, দুর্নীতি আর সুবিধাবাদের ভিড়ে হারিয়ে যাওয়া নীতিনৈতিকতার গল্পই এই পরিবেশনার মূল সুর।

শরিফুল রাজ-সাবিলা নূরের নাচে মুগ্ধতা
এই আয়োজনে অংশ নিয়ে শরিফুল রাজ ও সাবিলা নূর কোরিওগ্রাফি সমৃদ্ধ নাচে মুগ্ধ করেছেন দর্শকদের। গানটির কথা লিখেছেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। নৃত্য পরিচালনায় ছিলেন ইত্যাদির নৃত্য পরিচালক মামুন। শিল্পীরা ব্যস্ততার মাঝেও নিয়মিত মহড়ায় অংশ নিয়ে পরিবেশনাকে নিখুঁত করার চেষ্টা করেছেন।

বাংলাদেশ-চীন মৈত্রী কেন্দ্রে গানধারণ
গত ২৪ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ নির্মিত বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানিয়েছে, এবারের দলীয় সংগীত দর্শকদের ভাবাবে, আবার আনন্দও দেবে।

বিদেশিরা তুলে ধরেছে বাংলা সংস্কৃতি
এবারের আরেকটি বড় আকর্ষণ বিদেশি নাগরিকদের নিয়ে বিশেষ পর্ব। তিন দশকের বেশি সময় ধরে বিদেশিদের অংশগ্রহণে বাংলাদেশের লোকজ সংস্কৃতি তুলে ধরছে ‘ইত্যাদি’। এবারও তার ব্যতিক্রম হয়নি।

জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইন্দোনেশিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রায় অর্ধশত নাগরিক অংশ নিয়েছেন এই আয়োজনে। শুদ্ধ বাংলা ভাষায় অভিনয়, নাচ ও গানের মাধ্যমে তাঁরা তুলে ধরেছেন আমাদের সমাজের মানবিক গুণাবলি ও অসংগতি।

সামাজিক ব্যঙ্গ ও সাংস্কৃতিক মেলবন্ধন
ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশন-এ প্রচারিত হবে বিশেষ এই ‘ইত্যাদি’। রচনা, পরিচালনা ও উপস্থাপনায় থাকছেন হানিফ সংকেত। সব মিলিয়ে সামাজিক ব্যঙ্গ আর সাংস্কৃতিক মেলবন্ধনে এবারের ঈদে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক অনন্য আয়োজন।