পাল্টাপাল্টি পোস্ট, পরকীয়ার গুঞ্জন নেপথ্যে কী
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় এই ঘটনা ঘটে। আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন। অভিনেতা স্বামী যখন নেপালে শুটিংয়ে ব্যস্ত, তখনই স্ত্রীর এমন চরম সিদ্ধান্ত ঘিরে উঠেছে নানা প্রশ্ন। নেটিজেনদের দাবি, পারিবারিক কলহ ও আলভীর এক সহশিল্পীর সঙ্গে সম্পর্কের গুঞ্জনই ছিল মূল কারণ। মৃত্যুর আগে স্বামী-স্ত্রীর রহস্যময় পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট সেই সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে।

বর্তমানে নেপালে নাটকের শুটিংয়ে আছেন অভিনেতা জাহের আলভী। তিনি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, “আজ দুপুরে আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি তখন নেপালে শুটিংয়ে ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।”
বিভ্রান্তিকর তথ্য না ছাড়ানোর অনুরোধ আলভীর
অভিনেতা আরও অনুরোধ বলেন, “আমার শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, আমাকে কিছুটা সময় দিন। দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি। ফিরে সবার সাথে কথা বলব। এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।”

এই ঘটনার সূত্রপাত ও বর্তমান বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন অভিনেত্রী ইফফাত আরা তিথি। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, তিথির সঙ্গে আলভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। আর সেই কারণেই দাম্পত্যে অশান্তি চলছিল বলে দাবি নেটিজেনদের।

মৃত্যুর ঠিক আগের দিন আলভীর একটি ফেসবুক পোস্ট সেই জল্পনাকে আরও উসকে দেয়। শুক্রবার তিথির জন্মদিনে ভেরিফায়েড পেজে একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দুজনকে গামছায় জড়ানো অবস্থায় হাসিমুখে দেখা যায়। ক্যাপশনে লেখেন, “শুভ জন্মদিন নায়িকা। জীবনে আরও অনেক দূর যেতে হবে। তুমি এই ইন্ডাস্ট্রির সবচেয়ে পরিশ্রমী ও আমার পছন্দের কো-আর্টিস্ট।”

আলভীর স্ত্রী ইকরার মুত্যুতে ভক্তদের উদ্বেগ
ইকরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার ফেসবুক প্রোফাইলে ভক্তরা বিভিন্ন মন্তব্য করেছেন। মাত্র পাঁচ ঘণ্টা আগেও তিনি একটি পোস্ট দিয়েছিলেন, যার মন্তব্যগুলোতে অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “অন্তত সন্তানের জন্য হলেও যেন খবরটি মিথ্যা হয়।” আরেকজন বলেছেন, “আলভীর জন্মদিনে মা-ছেলের সুন্দর ভিডিও দেখার পর এমন সংবাদ বিশ্বাসযোগ্য নয়।”

পুলিশের ধারণা ইকরা আত্মহত্যা করেছেন
মিরপুর পল্লবী থানার ওসি একেএম আলমগীর জাহান জানান, ‘শুনেছি, তিনি একজন অভিনেতার স্ত্রী। দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবার। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করে। আমরা হাসপাতালে নেওয়ার পরই জানতে পারি।’
সিসিটিভি ফুটেজ ও আলামত সংগ্রহ
আলমগীর জাহান আরও জানান, বাসার সিসি ক্যামেরা থেকে ফুটেজ ও অন্য সব আলামত সংগ্রহ করেছে পুলিশ।

জাহের আলভী ও ইকরা ২০১০ সালের ৯ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে, যার নাম ‘রিজিক’।