ভোট দিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ
বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান ঢাকা ১৮ আসনের ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিয়েছেন শোবিজ তারকারাও। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ছোট ও বড় পর্দার শিল্পীদের উপস্থিতি দেখা যায়। উৎসবমুখর পরিবেশে তারা ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিতে ভোট দিতে পেরে খুশি অভিনেত্রী দিলারা জামান ।

কালে ভোটাধিকার প্রয়োগ করতে নিজের ভোটকেন্দ্রে উপস্থিত হন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। কেন্দ্রে পৌঁছে তিনি নির্ধারিত নিয়ম মেনে ভোট দেন এবং পুরো প্রক্রিয়াটি ছিল শান্ত ও সুশৃঙ্খল, এতে তিনি সন্তোষ প্রকাশ করেন। ভোট দেওয়া শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। দিলারা জামান জানান, এবারের ভোটের পরিবেশ তাকে স্বস্তি দিয়েছে এবং দীর্ঘদিন পর তিনি নিশ্চিন্ত মনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।

তিনি আরও বলেন, অতীতে এমন অভিজ্ঞতা হয়েছে যখন ভোটকেন্দ্রে গিয়ে জানতে হয়েছে তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে, যা ছিল অত্যন্ত হতাশাজনক। তবে এবারে তেমন কোনো ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে ভোট দিতে পারায় তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা করেন, ভবিষ্যতেও গণতান্ত্রিক প্রক্রিয়া এভাবেই স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে।
তিনি আশা করেন, নির্বাচিত প্রতিনিধিরা সাধারণ মানুষের কথা বলবেন। মানুষের দুঃখ-কষ্ট বুঝবেন। দেশের জন্য কাজ করবেন এটাই তার প্রত্যাশা।


