দার-ই-নিজাতের ‘আবজার’ জুটির নুডলস দৃশ্য নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পাকিস্তানি নাটকটিতে এত দিন ছিল মান-অভিমান, বিশ্বাসভঙ্গ আর মানসিক টানাপোড়েনের গল্প, এবার সেখানে জায়গা করে নিয়েছে প্রেম। আবু বকর ও জারিয়াবের ছোট ছোট রোমান্টিক মুহূর্তগুলো দর্শকের মন জয় করে ছড়িয়ে পড়ছে নানা প্ল্যাটফর্মে।

গত ৬ নভেম্বর প্রচারিত হয়েছে নাটকটির ২৮তম পর্ব। সেই পর্বেই দেখা গেছে, একসঙ্গে নৈশভোজে গেছেন আবু বকর ও জারিয়াব। দুজনের খুনসুটি, হাসি-ঠাট্টা আর মিষ্টি কথোপকথনে ভরা দৃশ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এক বাটি নুডলস খাওয়ার মুহূর্তটি নিয়ে। সাধারণ একটি দৃশ্য কীভাবে রোমান্টিক হয়ে উঠতে পারে, সেটাই যেন দেখিয়ে দিয়েছে এই পর্ব।
নাটকে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার, আর জারিয়াবের চরিত্রে দুরেফিশান সেলিম। দুজনের সম্পর্কের শুরুটা অবশ্য সহজ ছিল না। বিশ্বাসভঙ্গ আর মানসিক আঘাতে বিপর্যস্ত জারিয়াবের জীবনে আশার আলো হয়ে আসে আবু বকর। স্ত্রীর অতীতকে বিচার না করে ধৈর্য আর সম্মান দিয়ে তার পাশে থাকার চেষ্টা করে সে, আর সময়ের সঙ্গে সেই সম্পর্কেই গড়ে ওঠে বিশ্বাস আর ভালোবাসা।
আবজার জুটির নুডলস দৃশ্য কেন এত আলোচনায়
জারিয়াবের জীবনে একসময় ছিল প্রাণচাঞ্চল্য, কিন্তু শৈশবের পরিচিত জামিলের বিশ্বাসঘাতকতায় বদলে যায় সবকিছু। জামিল চরিত্রে অভিনয় করেছেন নামির নওয়াজ খান। সেই আঘাত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে জারিয়াবকে পাড়ি দিতে হয়েছে লম্বা পথ। তাই আবু বকরের সঙ্গে তার এই মুহূর্তগুলো দর্শকের কাছে শুধু প্রেমের দৃশ্য নয়, জারিয়াবের ঘুরে দাঁড়ানোরও ইঙ্গিত।
আলোচনা হচ্ছে নাটকের আরেকটি দৃশ্য নিয়েও। জারিয়াবকে নিয়ে কেনাকাটা করতে যাওয়ার প্রস্তাব দেয় আবু বকর। দর্শকদের ধারণা, কেনাকাটার চেয়ে স্ত্রীর সঙ্গে আরও কিছুটা সময় কাটানোই তার আসল উদ্দেশ্য। এমন ছোট ছোট মুহূর্তই এই জুটির রসায়নকে দর্শকের কাছে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে।

দুজনের এই জুটিকে ভক্তরা আদর করে নাম দিয়েছেন ‘আবজার’। আবু বকর আর জারিয়াবের নাম মিলিয়েই এই নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দৃশ্য নিয়ে তৈরি হচ্ছে নানা ভিডিও আর সম্পাদনা করা ক্লিপ, মন্তব্যে ভক্তরা প্রশংসা করছেন দুই শিল্পীর অভিনয় আর পর্দার রসায়নের। বাংলাদেশেও পাকিস্তানি নাটকের দর্শকদের মধ্যে এই জুটি নিয়ে আগ্রহ বাড়ছে।
মান-অভিমান আর টানাপোড়েনের গল্পে প্রেমের এই পালা নাটকটিকে নতুন করে আলোচনায় এনেছে। সামনে গল্প কোন দিকে মোড় নেয়, আর আবু বকর-জারিয়াবের সম্পর্ক কতটা এগোয়, সেটা দেখার অপেক্ষায় আছেন দর্শক। আপাতত নুডলসের সেই ছোট্ট দৃশ্যই হয়ে উঠেছে এই জুটির জনপ্রিয়তার সবচেয়ে বড় প্রমাণ।









