‘ছোটকাকু’কে ঘিরে এবার বসছে দুই দিনের উৎসব। ১৫ বছর ধরে টেলিভিশন পর্দায় ফরিদুর রেজা সাগরের এই গোয়েন্দা চরিত্রকে দর্শকের সামনে তুলে ধরছেন আফজাল হোসেন। অভিনয়ের পাশাপাশি সিরিজটি পরিচালনাও করছেন তিনি। দীর্ঘ এই পথচলার উদ্যাপনে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর ঢাকার তেজগাঁওয়ের আলোকি মিলনায়তনে হবে ‘ছোটকাকু উৎসব’। শিশু-কিশোরদের জন্য নানা আয়োজনের পাশাপাশি থাকছে আড্ডা, সেমিনার, গান ও সাংস্কৃতিক পরিবেশনা।
শিশু-কিশোরদের জন্য থাকছে নানা আয়োজন
ফরিদুর রেজা সাগরের লেখা ‘ছোটকাকু’ গোয়েন্দা সিরিজের নামভূমিকায় অভিনয়ের পাশাপাশি দীর্ঘ ১৫ বছর ধরে এটি পরিচালনাও করছেন আফজাল হোসেন। সেই দীর্ঘ পথচলাকে সামনে রেখেই এবার আয়োজন করা হচ্ছে এই উৎসবের।
শনিবার চ্যানেল আই মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা। মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন জানান, শিশুদের কেন্দ্র করে এ ধরনের আয়োজন এবারই প্রথম করছে তাদের প্রতিষ্ঠান।
দুই দিনের আয়োজনে শিশু-কিশোরদের জন্য থাকছে শিক্ষামূলক ও বিনোদনমূলক নানা অনুষ্ঠান। সেমিনারের পাশাপাশি মঞ্চস্থ হবে নাটক, থাকবে গান ও সাংস্কৃতিক পরিবেশনা। ছোটকাকু সিরিজের শিল্পীদের নিয়েও থাকছে বিশেষ ক্যাফে আড্ডা ও পরিবেশনা।

শিশুদের জন্যই ছোটকাকুর সঙ্গে আফজাল হোসেন
‘ছোটকাকু’ চরিত্রের সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা বলতে গিয়ে আফজাল হোসেন তুলে ধরেন শিশুদের সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রয়োজনীয়তার কথা। তাঁর মতে, ছোটবেলায় সাহিত্য ও রূপকথার সঙ্গে পরিচয় শিশুদের কৌতূহল ও কল্পনাশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। এখন সেই চর্চার সুযোগ আগের তুলনায় কমেছে।
আফজাল হোসেন জানান, অভিনয়জীবনের ৪০ বছর পূর্ণ হওয়ার সময় ছোটকাকুর সঙ্গে তাঁর পথচলা শুরু হয়। তখন অভিনয় তাঁকে আগের মতো টানছিল না। তবে শিশুদের জন্য কিছু করার তাগিদ থেকেই তিনি এই চরিত্রে যুক্ত হন।
১৫ বছর ধরে সিরিজটির সঙ্গে থাকার পেছনেও সেই দায়বোধ কাজ করেছে বলে জানান তিনি।

‘ছোটকাকু’ নিয়ে যা বললেন তারিক আনাম খান
সংবাদ সম্মেলনে ছোটকাকু সিরিজের অভিনেতা তারিক আনাম খানও শিশুদের মানসিক বিকাশে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ভূমিকার কথা তুলে ধরেন।
তিনি বলেন, সাহিত্য থেকে নাটক কিংবা চলচ্চিত্র নির্মাণের যে চর্চা একসময় ছিল, তা এখন অনেকটাই কমে গেছে। শিশু-কিশোরদের চিন্তা ও মননের বিকাশে শিল্প-সাহিত্যের সঙ্গে তাদের পরিচয় থাকা জরুরি।
তারিক আনাম খানের মতে, ছোটকাকুর বিশেষত্ব হলো এই সিরিজ শিশু-কিশোরদের মেধা, বুদ্ধি ও কৌতূহলের জায়গাটিকে গুরুত্ব দেয়।
দেশের নানা জেলার গল্পও উঠে এসেছে
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ১৫ বছরে ছোটকাকু শুধু একটি টেলিভিশন চরিত্র হিসেবে থাকেনি, বরং স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে।
ফরিদুর রেজা সাগরের গল্পে দেশের বিভিন্ন জেলার নাম, সেসব এলাকার বৈশিষ্ট্য ও পরিবেশ উঠে এসেছে। ফলে গোয়েন্দা গল্পের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে দর্শকেরা।
‘ছোটকাকু’ চরিত্রের পেছনের অনুপ্রেরণার কথাও জানিয়েছেন লেখক ফরিদুর রেজা সাগর। তাঁর নিজের ছোটকাকু ডক্টর ফজলুল আলম এবং ছড়াকার আমীরুল ইসলাম এই দুজনের কাছ থেকেই চরিত্রটির অনুপ্রেরণা পেয়েছেন তিনি। দুজনই এখন প্রয়াত।
সময়ের সঙ্গে আফজাল হোসেনের সঙ্গে চরিত্রটির সম্পর্ক এতটাই গভীর হয়েছে যে অনেকেই তাঁকে সরাসরি ‘ছোটকাকু’ নামে ডাকেন। এবার সেই জনপ্রিয় চরিত্রের ১৫ বছরের পথচলাকেই উৎসবের মাধ্যমে উদ্যাপন করা হচ্ছে।
উৎসবে সরাসরি গাওয়া হবে নতুন গান
‘ছোটকাকু উৎসব’ উপলক্ষে তৈরি করা হয়েছে একটি বিশেষ গান। সংবাদ সম্মেলনে গানটির ভিডিওচিত্রও দেখানো হয়। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর আলোকির আয়োজনে গানটি সরাসরি পরিবেশন করবেন সংশ্লিষ্ট শিল্পীরা।
আয়োজকেরা জানিয়েছেন, শিশু-কিশোরদের কথা মাথায় রেখেই পুরো উৎসবটি সাজানো হয়েছে। তাই দুই দিনের এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।









