Tuesday, September 1, 2026

‘বেকার হলেই পাপ’, পপিকে বাপ্পারাজ-জয়ের খোঁচা

বাংলা সিনেমার কিংবদন্তি ভিলেন – যাদের ঘৃণা করেই ভালোবেসেছে দর্শক

August 27, 2026
স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ  

স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ ? 

August 21, 2026
যে কারনে নিষিদ্ধ হয়েছে এসব বাংলা সিনেমা

যে কারনে নিষিদ্ধ হয়েছে এসব বাংলা সিনেমা

August 12, 2026

রূপবান থেকে বেদের মেয়ে, খাইরুন সুন্দরী

August 6, 2026
বাংলা সিনেমার ৭০ বছরের যাত্রা

বাংলা সিনেমার ৭০ বছরের যাত্রা

July 30, 2026

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে। সংসার ও ব্যক্তিজীবন নিয়েই সময় কাটছে তার। এর মধ্যেই পপির পুরোনো একটি বক্তব্য নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই বক্তব্যের প্রসঙ্গ ধরে মন্তব্য করেছেন অভিনেতা বাপ্পারাজ ও জয়। তাদের মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন পপি।

পপির একটি ভিডিও বক্তব্যে নিজের অভিনয়জীবন ও বর্তমান জীবন নিয়ে কথা বলতে শোনা যায় তাকে।  সেখানে অতীতের কিছু অভিজ্ঞতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন অভিনেত্রী। অভিনয় থেকে সরে গিয়ে এখন শান্তিতে জীবন কাটাতে চান বলেও জানান তিনি।

‘বেকার হলেই পাপ’, পপিকে বাপ্পারাজ-জয়ের খোঁচা
ছবি: সংগৃহীত

পপিকে বাপ্পারাজ-জয়ের খোঁচা কেন আলোচনায়

এরপরই পপির বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এর মধ্যে নিজের ফেসবুক পোস্টে মন্তব্য করেন বাপ্পারাজ। যদিও তিনি সরাসরি পপির নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যের ধরন দেখে অনেকেই এটিকে পপির মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।

বাপ্পারাজ লেখেন, ‘যখন ইনকাম করা হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’

সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে পপির বক্তব্যের প্রসঙ্গ তোলেন অভিনেতা জয়। তিনি লেখেন, ‘নায়িকা মৌসুমী যা বলেছিলেন, নায়িকা পপিও তা বললেন। এখন শাবনূর এবং পূর্ণিমা একই কথা বললে একটা জেনারেশন পূর্ণ হতো।’

জয় আরও লেখেন, অভিনয় যে একটি গুনাহর কাজ এমন উপলব্ধি অভিনেত্রীদের হয়েছে। তবে তাদের ভক্তদের প্রসঙ্গও সামনে আনেন তিনি।

তার ভাষায়, ‘আপনারা তো ষোলো আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যে কিছুই না বুঝেই আপনাদের ভক্ত হয়ে ভুল করেছি এবং গুনাহ করেছি, আমাদের কী হবে তাহলে?’

অভিনেত্রীদের উদ্দেশে জয় আরও বলেন, ইবাদতের সময় তাদের ভক্তদের জন্যও দোয়া করতে। একই সঙ্গে বর্তমানে জনপ্রিয় তারকারা ভবিষ্যতে এমন বক্তব্য দেবেন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

‘বেকার হলেই পাপ’, পপিকে বাপ্পারাজ-জয়ের খোঁচা
অভিনেত্রী সাদিকা পারভীন পপি, ছবি: সংগৃহীত

পপির বক্তব্যে কী ছিল

পপি তার ভিডিও বার্তায় বলেন, তিনি এখন সবকিছু থেকে দূরে চলে গেছেন। জীবনের বাকি সময়টা সুন্দরভাবে কাটাতে চান তিনি।

পপির ভাষায়, ‘মানুষ কত দিনই বাঁচে! যে কয়দিন বাঁচি, সুন্দরভাবে বাঁচতে চাই। একটু ভালো থাকতে চাই। একটু ভালো খেতে চাই, আল্লাহ-খোদার নাম নিতে চাই।’

অভিনয়জীবনের নানা অভিজ্ঞতার কথাও বলেন তিনি। পরিবারের প্রয়োজনেই অভিনয়ে এসেছিলেন বলে জানান পপি। কাজ করতে গিয়ে মানুষের কাছ থেকে অনেক গালি শুনেছেন বলেও উল্লেখ করেন তিনি।

নিজের অতীতের কিছু কাজকে ‘পাপ’ হিসেবে উল্লেখ করে পপি বলেন, জীবনের শেষ সময়ে এসে সবকিছু পেছনে ফেলে শান্তিতে থাকতে চান।

তিনি বলেন, ‘পরিবারের কারণে কাজ করতে গিয়ে মানুষের যতটা গালি খেয়েছি, যতটা পাপ কামিয়েছি সবকিছু মুছে সুন্দরভাবে মরতে চাই। এটা যদি আমার জন্য অপরাধ হয়ে থাকে, তবে আমি অপরাধী।’

‘বেকার হলেই পাপ’, পপিকে বাপ্পারাজ-জয়ের খোঁচা
অভিনেত্রী সাদিকা পারভীন পপি, ছবি: সংগৃহীত

অভিনয় থেকে দূরে পপি

একসময় ঢাকাই সিনেমার ব্যস্ত অভিনেত্রীদের একজন ছিলেন পপি। নব্বইয়ের দশকের শেষভাগ থেকে চলচ্চিত্রে নিয়মিত কাজ করেন তিনি। পরবর্তী সময়ে একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান।

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহানের ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন পপি। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘কুলি’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী।

দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন পপি। একটা সময় নিয়মিত সিনেমায় দেখা গেলেও এখন তিনি অভিনয় থেকে অনেকটাই দূরে।

পপির ব্যক্তিজীবন নিয়েও দীর্ঘদিন ধরে দর্শকের আগ্রহ রয়েছে। অভিনয়ের বাইরে তার বিয়ে, সংসার ও সন্তানের খবর প্রকাশ্যে আসার পর চলচ্চিত্রে তার ফেরার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।

তবে এখন পর্যন্ত নতুন কোনো সিনেমায় অভিনয়ের বিষয়ে পপি নিজে স্পষ্ট ঘোষণা দেননি। ফলে তার পুরোনো বক্তব্য সামনে এলেই নতুন করে তাকে নিয়ে আলোচনা তৈরি হচ্ছে।

গত বছরের অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’। সিনেমাটির কাজ অবশ্য হয়েছিল আরও আগে। মুক্তির সময় প্রচারণায় দেখা যায়নি এই অভিনেত্রীকে।

Share

Read more

Local News