জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের নতুন গান ‘গলে যাওয়া সময়’ প্রকাশ পেয়েছে। শনিবার সন্ধ্যায় গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গানটির মিউজিক ভিডিও। নতুন এই গানেও নিজের ভাবনা, সুর ও কণ্ঠের আলাদা আবহ তুলে ধরেছেন এই শিল্পী।
‘গলে যাওয়া সময়’ গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার নিজেই। এতে কণ্ঠও দিয়েছেন তিনি। নিজের লেখা গানে সময়, অনুভূতি ও ব্যক্তিগত ভাবনাকে নিজের মতো করে প্রকাশের চেষ্টা করেছেন গায়ক।
সম্প্রতি নিয়মিত গান লেখার দিকেও মনোযোগী হয়েছেন বাপ্পা। নিজের লেখা গান নিয়ে তিনি বলেন, ‘সম্প্রতি আমি বেশ কয়েকটি গান লিখলাম। সময় নিয়ে একটি গান লিখেছি। নাম দিয়েছি ‘গলে যাওয়া সময়’। অনেকের লেখা গানই তো করি। তবে নিজস্ব কিছু ভাবনা থাকে, যেগুলোকে নিজের মতো করে প্রকাশের তাগিদে লিখতে হয়।’
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। বাপ্পা মজুমদারের কাছ থেকে প্রথম গানটি শোনার পরই তাঁর ভালো লেগে যায়। নিজের পছন্দের জনরার গান হওয়ায় সাধারণত মিউজিক ভিডিও নির্মাণ না করলেও এবার কাজটি করেছেন তিনি।

মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘গানটি প্রথম যেদিন বাপ্পা দা আমাকে শোনান, সেদিনই ভালো লেগে যায়। কেননা এটি আমার পছন্দের জনরার। আমি সচরাচর মিউজিক ভিডিও বানাই না। কিন্তু গানটি ভালো লাগায় কাজটি করেছি। আশা করি সবার ভালো লাগবে।’
নতুন গান প্রকাশের পাশাপাশি সম্প্রতি অন্য শিল্পীর জনপ্রিয় গানেও কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ‘রূপালি গিটার’ গানটি তাঁর কণ্ঠে নতুন করে প্রকাশ পেয়েছে। গিটার জাদুকরকে শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত ‘উত্তরাধিকার’ অ্যালবামে গানটি রাখা হয়েছে।
‘বুড়ো নাবিকের গল্প’ এ পিতৃত্বের ভাবনা
এর আগে নিজের কথা, সুর ও কণ্ঠে ‘বুড়ো নাবিকের গল্প’ প্রকাশ করেছিলেন বাপ্পা মজুমদার। পিতৃত্বকে উপজীব্য করে তৈরি গানটিতে বাবার ত্যাগ এবং উত্তরাধিকার সূত্রে সন্তানের প্রাপ্তির বিষয়টি উঠে এসেছে। ফলে সাম্প্রতিক সময়ে নিজের লেখা ও সুরের গানে ব্যক্তিগত অনুভূতি ও জীবনবোধকে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন এই শিল্পী।
তিন দশকের বেশি সময় ধরে বাংলা গানের সঙ্গে যুক্ত বাপ্পা মজুমদার। একক গানের পাশাপাশি দলছুট ব্যান্ডের মাধ্যমেও তিনি পেয়েছেন ব্যাপক শ্রোতাপ্রিয়তা। তাঁর কণ্ঠ, সুর ও সংগীত পরিচালনার নিজস্ব ধরন বাংলা গানে তৈরি করেছে আলাদা পরিচিতি।

জনপ্রিয় গানে সমৃদ্ধ বাপ্পার সংগীতজীবন
বাপ্পা মজুমদারের জনপ্রিয় গানের তালিকাও বেশ দীর্ঘ। ‘পরী’, ‘দিন বাড়ি যায়’, ‘সূর্যস্নান’, ‘বায়েস্কোপ’, ‘রাতের ট্রেন’, ‘বাজি’, ‘লাভ-ক্ষতি’, ‘আমার চোখে জল’, ‘ছিল গান ছিল প্রাণ’ ও ‘কোথাও কেউ নেই’ শ্রোতাদের কাছে তাঁর বহুল পরিচিত গানগুলোর মধ্যে রয়েছে।
এ ছাড়া তাঁর সংগীতজীবনের সঙ্গে জড়িয়ে আছে ‘ধুলো পড়া চিঠি’, ‘কখনো ইচ্ছে হয়’, ‘তোমাকেই বলে দেব’সহ আরও অনেক শ্রোতাপ্রিয় গান। কয়েক দশকের পথচলায় একদিকে যেমন রোমান্টিক গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন, অন্যদিকে নিজের লেখা ও সুরের গানেও তুলে ধরেছেন ভিন্নধর্মী ভাবনা।
সেই ধারাবাহিকতায় বাপ্পা মজুমদারের নতুন গান ‘গলে যাওয়া সময়’ তাঁর সৃষ্টিশীলতার আরেকটি দিক সামনে আনল। এবার নিজের কথা, সুর, সংগীতায়োজন ও কণ্ঠে তৈরি এই গান কতটা শ্রোতাদের মনে জায়গা করে নেয়, সেটিই দেখার অপেক্ষা।






