বৈদ্যনাথ সাহার মৃত্যুতে শোকের ছায়া
দেশের অভিনয় জগতের পরিচিত মুখ এবং অভিনয়শিল্পী সংঘের সদস্য বৈদ্যনাথ সাহা মারা গেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বিনোদন অঙ্গনে। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত এই শিল্পীর প্রয়াণে সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর বেদনা বিরাজ করছে।
বৈদ্যনাথ সাহার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। পোস্টে অপু লেখেন, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা। এইমাত্র পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’

খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তার ঢল নামে। তার হঠাৎ চলে যাওয়ার খবরে ইন্ডাস্ট্রির বহু সহকর্মী এবং ভক্ত-অনুরাগীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন। অনেকেই স্মৃতিচারণ করে জানাচ্ছেন তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা। কেউ বলছেন তার হাসিমুখের কথা, কেউ বা বলছেন সেটে তার আন্তরিক আচরণের কথা।
‘অগ্নিবীণার কবি’ নাটকে প্রথম অভিনয়
পঞ্চাশ বছরের বেশি সময় ধরে অভিনয় করেছেন বৈদ্যনাথ। যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদ থেকে শুরু হয়েছিল তার অভিনয়ের যাত্রা। বৈদ্যনাথ সাহার অভিনয়জীবন শুরু হয় মঞ্চনাটক দিয়ে। যশোরের সম্মিলনী ইনস্টিটিউশনে এক শিক্ষকের স্মরণে সত্তরের দশকে কয়েকজন বন্ধু মিলে গড়ে তোলেন শহীদ আইয়ুব সংঘ। এ সংগঠনের উদ্যোগে ১৯৭২ সালে ‘অগ্নিবীণার কবি’ নামে একটি নাটকে প্রথম অভিনয় করেন বৈদ্যনাথ।

মঞ্চ ও টিভি নাটকে ছিল সমান উপস্থিতি
বৈদ্যনাথ অভিনীত মঞ্চ নাটকের মধ্যে রয়েছে ‘ফিফটি ফিফটি’, ‘জবাহদিহি’, ‘পরবাস’, ‘সাজানো বাগান’, ওরা আছে বলে, ‘কেনারাম বেচারাম’, ‘এবার ধরা দাও’, ‘বিষের বাঁশি’, ‘অন্ধকারের নিচে সূর্য’। টেলিভিশনে তিনি করেছেন ‘নদী থেকে সমুদ্র’, ‘শ্রাবণের বসন্ত’, ‘এ মধুর খেলা’, ‘লাল নীল বেগুনি’সহ আরও কিছু নাটক।

চলচ্চিত্র ও বিজ্ঞাপনেও রেখে গেছেন ছাপ
নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ‘কোটি টাকার কাবিন’, ‘নীতিবান অফিসার’, ‘বাপজানের বায়োস্কোপ’, ‘মিশন এক্সট্রিম’, ‘অপারেশন সুন্দরবন’, ‘আদম’, ‘দামাল’, ‘মুখোশ’, ‘সুলতান’সহ বেশ কিছু সিনেমা। একাধিক বিজ্ঞাপনেও দেখা গেছে বৈদ্যনাথকে। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় গ্রামীণফোনের বিজ্ঞাপন দিয়ে পরিচিতি পান তিনি।
দীর্ঘদিন নাটক ও চলচ্চিত্রে অবদান রেখে বহু প্রজন্মের দর্শক ও শিল্পীদের অনুপ্রাণিত করেছেন বৈদ্যনাথ সাহা।