ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম
নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসরের বিগ স্ক্রিন কম্পিটিশনে সেরা সিনেমার পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা মাস্টার। এই উৎসবে শুরু থেকেই উপস্থিত ছিলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত ও আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসির উদ্দিন খান। উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ছিলেন তারা। সেখান থেকেই বাঁধন রটারড্যামের অভিজ্ঞতা ও নির্বাচন নিয়ে অনুভূতির কথা জানালেন ।

রটারড্যামে সেরার পুরস্কার জেতার পর দেশের এক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সেখানকার অভিজ্ঞতা ও অনুভূতি জানিয়েছেন তারকা অভিনেত্রী আজমেরি হক বাঁধন।
মাস্টার সিনেমাকে সেরা ঘোষণার পর কেমন অনুভূতি হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, ‘সে সময়ের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। ভীষণ ভালো লাগছিল। এটা বাংলাদেশের সিনেমার জন্য অনেক বড় প্রাপ্তি। সেই প্রাপ্তির একটা অংশ আমি হতে পেরেছি, এটা আমার জন্য অনেক সম্মানের। নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত একজন সৎ মানুষ। সেই সততার মূল্য আল্লাহ তাঁকে দিয়েছেন।‘

ছবিটির পুরস্কার জেতার ব্যাপারে কতটা আশাবাদী তারা ছিলেন জানতে চাইলে বাঁধন বলেন,’আমাদের মনে হচ্ছিল, একটা অ্যাওয়ার্ড পেলে ভালো লাগত। কিন্তু বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতে যাব, সেটা ভাবিনি। এটা অনেক প্রেসটিজিয়াস অ্যাওয়ার্ড। বিজয়ী হিসেবে ঘোষণার পর আমরা সবাই চিৎকার করে উঠেছিলাম, কী করব বুঝে উঠতে পারছিলাম না। কারণ, আমরা খুব ক্যাজুয়ালি গিয়েছিলাম, সবাই পুরস্কার পাবে, আমরা হাততালি দেব-এমনটাই ভেবেছিলাম। সেই হাততালি যখন বাংলাদেশের জন্য হয়ে গেল, সেটা খুব আনন্দের ছিল।‘
নির্মাতাকে নিয়ে বাঁধনের মন্তব্য
এছাড়াও মাস্টার সিনেমার নির্মাতার ব্যাপক প্রশংসা করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন ‘নির্মাতা হিসেবে সুমিত কতটা ভালো, সেটা বলে বোঝানো কঠিন। আমি প্রচুর মানুষের সঙ্গে কাজ করেছি, অনেক হিপোক্রেটদের সঙ্গেও কাজের অভিজ্ঞতা আছে। সুমিতের মতো এতটা সততার সঙ্গে কাজ করতে কম মানুষকেই দেখেছি। সেদিন সুমিতকে আমি বলছিলাম, বিশাল ভরদ্বাজের পর আমি যদি সত্যিকার ভদ্র নির্মাতা দেখে থাকি, সেটা তুমি। বিশাল ভরদ্বাজকে দেখেছি, যেমন অসাধারণ নির্মাতা, তেমনি অসাধারণ এক মানুষ, সুমিতও তা-ই।’
বাঁধনের আরো সিনেমা ও নির্বাচন নিয়ে অনুভূতি
মাস্টার ছাড়াও বাঁধনের একাধিক সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে। সেগুলো কবে মুক্তি পাবে জনাতে চাইলে বাঁধন জানিয়েছেন রোজার ঈদে মুক্তি পাবে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। তার মতে ‘উৎসব’ সিনেমাকে ছাড়িয়ে যাবে আসন্ন বনলতা এক্সপ্রেস সিনেমাটি।
আরও আছে নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মুক্তি। তবে এ বছর মুক্তি নাও পেতে পারে বলে জানিয়েছেন এই নায়িকা। সিনেমাটি বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে বলেও জানিয়েছেন তিনি।
এছাড়াও ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। এবারের নির্বাচন নিয়ে বাঁধনের প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, ‘একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হোক। একটি নির্বাচিত সরকার আমাদের খুব দরকার। তারা বেটার কাজ করতে পারবে। এই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক একটি সরকার গঠিত হবে। জনগণ যাদের চাইবে, তারা সরকার গঠন করবে। বাংলাদেশ যে অস্থিতিশীল অবস্থায় আছে, সেই পরিস্থিতি থেকে সবাই মুক্ত হোক।‘


