জন্মদিনে মা-ছেলের ভালোবাসা
জন্মদিনে মায়ের জন্য ছেলের আদুরে বার্তা ‘হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মাম্মি। ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিনে ছেলে আব্রাম খান জয়ের এই শুভেচ্ছাবার্তায় উঠে এসেছে মা-ছেলের মধুর সম্পর্কের এক আন্তরিক মুহূর্ত।

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন ১১ অক্টোবর। বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ছেলে আব্রাম খান জয়। অপু বিশ্বাসের ফেসবুক পোস্টে ছেলের শুভেচ্ছাবার্তা তুলে ধরা হয়েছে ‘হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মাম্মি। সঙ্গে রয়েছে ভালোবাসার ইমোজি। ছোট্ট এই বার্তায় মায়ের প্রতি জয়ের স্নেহের প্রকাশ পেয়েছে।
১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্ম অপু বিশ্বাসের। ২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরের বছর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘আমার জান আমার প্রাণ’ ও ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’সহ বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন অপু। অভিনয়ের পাশাপাশি ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজনাতেও যুক্ত হন তিনি।
দীর্ঘ অভিনয় জীবনে নানা চরিত্রে দর্শকের সামনে এসেছেন অপু বিশ্বাস। পর্দার বাইরেও তাঁর ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের আগ্রহের বিষয়। জন্মদিনে ছেলের এই আদুরে শুভেচ্ছা সেই আগ্রহে যোগ করেছে ভালোবাসার এক ছোট্ট মুহূর্ত। ‘মাই প্রিন্সেস মাম্মি’ কয়েকটি শব্দের এই সম্বোধনেই প্রকাশ পেয়েছে মায়ের প্রতি জয়ের স্নেহ।









