মুম্বাইয়ের ঐতিহাসিক সিঙ্গল স্ক্রিন গেইটি গ্যালাক্সিতে আজ ভক্তদের সঙ্গে দেখা করছেন ইমরান হাশমি। আজ মঙ্গলবার বেলা ৩টায় বান্দ্রার এই প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন তিনি। তার নতুন সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজেই এই ঘোষণা দেন ইমরান। ভিডিওতে তিনি বলেন, আমি আসছি গেইটি গ্যালাক্সিতে, ২৪ নভেম্বর বেলা ৩টায়, ওখানেই দেখা হবে। ভক্তদের উদ্দেশে তার এই সরাসরি ডাক নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছে।
শুধু দেখা করাই নয়, আজ থেকেই সারা দেশে শুরু হচ্ছে ‘গানমাস্টার জি৯’ ছবির অগ্রিম বুকিং। মুক্তির তিন দিন আগেই প্রথম দিনের টিকিট কেটে রাখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। ভক্তদের সঙ্গে এই আয়োজনকে তাই ছবির শেষ মুহূর্তের প্রচারের বড় ধাক্কা হিসেবেই দেখছেন অনেকে।
ইমরান হাশমির অ্যাকশন ছবি
পরিচালক আদিত্য দত্তের এই অ্যাকশন ছবিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ ও অপারশক্তি খুরানা। আগামী শুক্রবার ২৭ নভেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

বান্দ্রার গেইটি গ্যালাক্সি মুম্বাইয়ের অন্যতম পুরোনো ও জনপ্রিয় সিঙ্গল স্ক্রিন, ভক্তদের কাছে যা জি৭ নামেই বেশি পরিচিত। বড় তারকারা ছবি মুক্তির আগে এখানে এসে ভক্তদের সঙ্গে দেখা করার ঐতিহ্য বহু পুরোনো। মাল্টিপ্লেক্সের যুগেও সিঙ্গল স্ক্রিনের দর্শকদের টান ধরে রাখতেই এমন হলমুখী প্রচারের পথ বেছে নিয়েছেন নির্মাতারা।
গেইটি গ্যালাক্সির দর্শকেরা বরাবরই সিটি আর তালিতে হল গরম করে তোলার জন্য বিখ্যাত। প্রথম দিনের প্রথম শোতে এখানকার উন্মাদনা দেখতে বহু তারকাই গোপনে বা প্রকাশ্যে হাজির হয়েছেন অতীতে। তাই মুক্তির আগের এই আয়োজনের জন্য এই হলটিকেই বেছে নেওয়াটা কাকতালীয় নয়।
ছবির গান ইতিমধ্যেই শ্রোতাদের নজর কেড়েছে। হিমেশ রেশমিয়ার সুরে ‘আফসানা বানায়া আপনে’ গানটি ইমরান-হিমেশ জুটির পুরোনো সাফল্যের স্মৃতি ফিরিয়ে এনেছে। জেনেলিয়ার সঙ্গে ইমরানের রোমান্টিক গান ‘দর্দ এ দিল’-ও পছন্দ করেছেন শ্রোতারা।

দীর্ঘদিন পর বড় পর্দায় পুরোদস্তুর অ্যাকশন অবতারে ফিরছেন ইমরান হাশমি। ছবির টিজারে তার লুক আর বন্দুক হাতে অ্যাকশন দৃশ্য নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। সেই উত্তেজনাই আজ চোখে দেখা যাবে গেইটি গ্যালাক্সির সামনে।
‘জন্নত’, ‘মার্ডার’ আর ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’-এর মতো ছবিতে ইমরানের ধূর্ত ও ধারালো চরিত্রগুলো একসময় বক্স অফিসে ঝড় তুলেছিল। মাঝে কিছুদিন বড় পর্দায় অনিয়মিত থাকলেও এই ছবিতে তাকে দেখা যাবে সেই পুরোনো মাস অ্যাকশন অবতারেই। নির্মাতাদের আশা, ইমরানের পুরোনো ভক্তদের পাশাপাশি নতুন দর্শকদেরও হলে টানবে ছবিটি।
তবে প্রতিযোগিতাও থাকছে। একই দিনে মুক্তি পাচ্ছে আরও কয়েকটি ছবি। যদিও রাশমিকা মান্দান্নার ‘মাইসা’ পিছিয়ে যাওয়ায় ২৭ নভেম্বরের লড়াইটা কিছুটা হালকা হয়েছে, তবু প্রথম সপ্তাহান্তের আয় নিয়ে লড়াইটা জমবে বলেই মনে করছেন বাণিজ্য বিশ্লেষকেরা।
আজকের ভক্তসমাগম আর অগ্রিম বুকিংয়ের সাড়া দেখেই আন্দাজ করা যাবে, মুক্তির দিনে ‘গানমাস্টার জি৯’ কেমন শুরু পেতে যাচ্ছে। ইমরানের ভক্তদের এখন অপেক্ষা শুক্রবারের, প্রিয় তারকার অ্যাকশন অবতার বড় পর্দায় দেখার।






