অভিনেতা সোহেল খান আর নেই। শুটিংয়ের ব্যস্ততা, নতুন কাজের প্রস্তুতি আর সহকর্মীদের সঙ্গে কাটানো মুহূর্ত , সবকিছু পেছনে ফেলে না-ফেরার দেশে চলে গেলেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে বগুড়ায় স্ট্রোক করে মারা গেছেন এই অভিনেতা। স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সোহেল খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি জানান, বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন সোহেল খান। নতুন একটি সিনেমার কাজ নিয়ে সেখানে অবস্থান করছিলেন তিনি। অথচ সেই শুটিংই যে তাঁর জীবনের শেষ কাজ হয়ে থাকবে, তা কে জানত!
শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় ছিলেন অভিনেতা। আগামীকাল তাঁর শুটিং শেষ হওয়ার কথা ছিল। অর্থাৎ কাজের আর মাত্র একটি দিন বাকি। কিন্তু সেই দিনটি আর দেখা হলো না তাঁর।
শুটিং ইউনিটের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে শুটিংয়ের প্রস্তুতিও নিয়েছিলেন সোহেল খান। মেকআপ নিয়ে কাজের জন্য তৈরি হয়েছিলেন তিনি। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। একপর্যায়ে হোটেলের কক্ষে তাঁকে ডাকতে যান ইউনিটের এক সদস্য। কিন্তু ভেতরে গিয়ে দেখেন, বিছানায় পড়ে আছেন অভিনেতা। ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ মিলছিল না। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার করে অন্যদের ডাকেন। মুহূর্তেই ছুটে আসেন ইউনিটের অন্য সদস্যরা।
দেরি না করে দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা যায়, সকালে স্ট্রোক করেছিলেন তিনি।
সোহেল খানের এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। একটি নতুন কাজের স্মৃতি, কিছু অসমাপ্ত দৃশ্য আর অনেক না-বলা কথা রেখে চলে গেলেন তিনি।









