চরকি অ্যাওয়ার্ডসে সেরাদের স্বীকৃতি
বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন চরকি অ্যাওয়ার্ডস-এর দ্বিতীয় আসরে ২০২৩ ও ২০২৪ সালের সেরা চলচ্চিত্র, ওয়েব সিরিজ, অভিনয়শিল্পী এবং নির্মাতাদের সম্মাননা দেওয়া হয়েছে। দিনব্যাপী আয়োজিত চরকি কার্নিভাল-এ সমালোচক ও দর্শক, উভয়ের ভোটে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ‘সুড়ঙ্গ’ ও ‘ফরগেট মি নট’, যা নিজ নিজ বছরের ক্রিটিকস চয়েস বিভাগে একাধিক পুরস্কার জিতে নেয়।
রাফী-নিশোর হাতে চরকি সম্মাননা
২০২৩ সালের ক্রিটিকস চয়েস বিভাগে বড় জয় পায় ‘সুড়ঙ্গ’। সিনেমাটির জন্য নির্মাতা রায়হান রাফী সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেন। একই ছবিতে অভিনয়ের জন্য আফরান নিশো নির্বাচিত হন সেরা অভিনেতা। শুধু তাই নয়, ‘সুড়ঙ্গ’ সেরা চিত্রগ্রহণ, সেরা শিল্প নির্দেশনা এবং যৌথভাবে সেরা সাউন্ড ডিজাইনের পুরস্কারও জিতে নেয়।
অন্যদিকে ‘জাহান’ সিনেমায় অভিনয়ের জন্য নাজিয়া হক অর্ষা সেরা অভিনেত্রীর সম্মাননা পান।

‘গুটি’র ঝুলিতে পাঁচ সম্মাননা
ওয়েব সিরিজ বিভাগে সবচেয়ে সফল ছিল ‘গুটি’। সিরিজটি মোট পাঁচটি পুরস্কার জিতে নেয়। নির্মাতা শঙ্খ দাশগুপ্ত সেরা পরিচালক হওয়ার পাশাপাশি সিরিজটি সেরা গল্প ও সেরা চিত্রনাট্যের পুরস্কারও পায়। আজমেরী হক বাঁধন ‘গুটি’র জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হন। এছাড়া বিজয়া রত্নাবলী সেরা কস্টিউম ডিজাইনার এবং সালেহ সোবহান অনীম ‘গুটি’ ও ‘ক্যাফে ডিজায়ার’-এর জন্য যৌথভাবে সেরা সম্পাদকের পুরস্কার পান। ‘মাইসেলফ অ্যালেন স্বপন’-এর জন্য নাসির উদ্দিন খান সেরা অভিনেতার সম্মাননা অর্জন করেন।
সাবস্ক্রাইবারস চয়েস ২০২৩ বিভাগে দর্শক ভোটে বছরের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় ‘সুড়ঙ্গ’। ‘উনিশ২০’-এর জন্য আরিফিন শুভ ও আফসানা আরা বিন্দু যথাক্রমে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার পান। সেরা সিরিজ নির্বাচিত হয় ‘মাইসেলফ অ্যালেন স্বপন’। এই সিরিজের জন্য নাসির উদ্দিন খান ও সাবিলা নূর দর্শক নির্বাচিত সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জেতেন। তানজিব সরোয়ার ও অবন্তী সিথীর গাওয়া ‘গা ছুঁয়ে বলো’ গানটি বছরের সেরা গান হিসেবে নির্বাচিত হয়।

এদিকে ক্রিটিকস চয়েস ২০২৪ বিভাগে সবচেয়ে বেশি সাফল্য পায় ‘ফরগেট মি নট’। ছবিটির জন্য রবিউল আলম রবি সেরা পরিচালকের পুরস্কার পান। একই সঙ্গে চলচ্চিত্রটি সেরা গল্প ও সেরা চিত্রনাট্যের সম্মাননাও অর্জন করে। মেহজাবীন চৌধুরী ‘ফরগেট মি নট’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। অন্যদিকে ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমার জন্য প্রীতম হাসান সেরা অভিনেতা নির্বাচিত হন।
সিরিজ বিভাগে বাজিমাত ‘সিনপাত’
ওয়েব সিরিজ বিভাগে মোহাম্মদ তৌকির ইসলাম পরিচালিত ‘সিনপাত’ সেরা পরিচালনার পুরস্কার পায়। ‘কালপুরুষ’-এ অভিনয়ের জন্য এফএস নাঈম সেরা অভিনেতা এবং ‘সিনপাত’-এর জন্য জিন্নাত আরা সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। প্রযুক্তিগত বিভিন্ন বিভাগে ‘তুফান’, ‘কালপুরুষ’, ‘সিনপাত’ ও ‘৩৬-২৪-৩৬’ একাধিক পুরস্কার জিতে নেয়।

উদীয়মান প্রতিভাদের উৎসাহ দিতে চরকি পাওয়ারহাউস অব টুমরো সম্মাননা দেওয়া হয় ‘টেকা পাখি’-এর মাশা ইসলাম (২০২৩) এবং ‘২Sh’-এর রিজভী রিজুকে (২০২৪)।
অন্যদিকে সাবস্ক্রাইবারস চয়েস ২০২৪ বিভাগে দর্শক ভোটে বছরের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় ‘কাছের মানুষ দূরে থুইয়া’। ‘তুফান’-এ অভিনয়ের জন্য শাকিব খান ও মাসুমা রহমান নাবিলা যথাক্রমে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর দর্শক পুরস্কার পান। সেরা সিরিজ নির্বাচিত হয় ‘আধুনিক বাংলা হোটেল’। সিরিজ বিভাগে দর্শক ভোটে সেরা অভিনেতা হন মোশাররফ করিম এবং সেরা অভিনেত্রী হন জয়া আহসান। এছাড়া প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরার কণ্ঠে ‘লাগে উড়া ধুরা’ গানটি ২০২৪ সালের সেরা দর্শকপ্রিয় গানের স্বীকৃতি পেয়েছে।
ওটিটি কনটেন্ট নির্মাণে সৃজনশীলতা, অভিনয় ও কারিগরি উৎকর্ষকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই চরকি অ্যাওয়ার্ডসের আয়োজন। এবারের পুরস্কার বিতরণীও বাংলাদেশের ডিজিটাল বিনোদন জগতের সেরা কাজগুলোকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।