নতুন অধ্যায়ে মৌসুমী হামিদ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ জীবনের নতুন অধ্যায়ের সুখবর একসঙ্গে জানালেন। দ্বিতীয়বার বিয়ে করার পাশাপাশি মা হতে চলেছেন বলেও জানিয়েছেন তিনি। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি অনুষ্ঠানে স্বামীকে সঙ্গে নিয়ে হাজির হন এই অভিনেত্রী। সেখানেই প্রথমবারের মতো প্রকাশ্যে আসে তার বেবিবাম্প।
গতকাল আয়োজিত ওই অনুষ্ঠানে মৌসুমীর পাশে ছিলেন তার স্বামী আবদুল ওয়াদুদ সজীব। অনুষ্ঠানেই তিনি জানান, ইচ্ছাকৃতভাবেই এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন। একসঙ্গে বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর সবাইকে জানাতে চেয়েছিলেন বলেই এই আয়োজন।
মৌসুমী বলেন, জীবনের সবচেয়ে আনন্দের সময় পার করছেন তিনি। নতুন জীবন শুরু করেছেন এবং খুব শিগগিরই তাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। এ উপলক্ষে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

অভিনেত্রী জানান, আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে তার বিয়ে বেশ কিছুদিন আগেই হয়েছে। তবে ব্যক্তিগত বিষয়টি প্রকাশ্যে আনেননি। তিনি বলেন, তাদের পরিচয় প্রায় ১৪ বছরের। দীর্ঘ সময়ের বন্ধুত্বই শেষ পর্যন্ত জীবনসঙ্গী হওয়ার সিদ্ধান্তে পৌঁছে দিয়েছে।
১৪ বছরের বন্ধুত্ব থেকে জীবনসঙ্গী
গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মৌসুমী বলেন, “আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। একে অপরকে খুব ভালোভাবে বুঝতাম। সেই জায়গা থেকেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।”
এর আগে চলতি বছরের মার্চের শেষ দিকে মৌসুমী হামিদ জানান, তার প্রথম সংসারের ইতি ঘটেছে। স্বামী আবু সাইয়িদ রানার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেছিলেন, বছরের শুরুতেই তারা আলাদা হয়ে গেছেন। এরপর থেকে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলেননি অভিনেত্রী।

বিয়ে ও মাতৃত্বের সুখবর
তিন মাসের ব্যবধানে এবার নতুন সম্পর্ক ও মাতৃত্বের সুখবর একসঙ্গে জানিয়ে ভক্তদের চমকে দিলেন তিনি। যদিও শোবিজ অঙ্গনে গত কয়েক দিন ধরেই মৌসুমীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ছবিকে কেন্দ্র করে এমন আলোচনা শুরু হয়। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
মৌসুমীর এই ঘোষণার পর সহকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। অনেকে তার নতুন জীবন ও অনাগত সন্তানের জন্য শুভকামনাও জানিয়েছেন।
অভিনয়জীবনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করা মৌসুমী হামিদ ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের মধ্যেও নিয়মিত কাজ করে গেছেন। এবার জীবনের নতুন অধ্যায়ে পা রেখে পরিবার ও মাতৃত্বকে ঘিরে নতুন স্বপ্ন দেখছেন এই অভিনেত্রী। তার ভাষায়, এই বিশেষ সময়ে সবার ভালোবাসা ও দোয়াই সবচেয়ে বড় প্রাপ্তি।