নির্মাতা সাদের প্রত্যাবর্তন
রইদ সিনেমা দিয়ে পুরো দেশের মানুষের মনোযোগ কেড়ে নিয়েছেন নাজিফা তুষি। এর আগে হাওয়া সিনেমা দিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা তৈরি করেছিলেন এই অভিনেত্রী। গেল রোজার ঈদে মুক্তি পেয়েছিলো সিনেমা প্রেসার কুকার। সেখানেও তাঁর চমৎকার উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। এতোসব সফলতার পর এবার ব্লু কালারড ডার্কনেস ভরা ডিস্টোপিয়ান অ্যানি সিরিজ নিয়ে এলেন নাজিফা তুষি ।
আরেকটি মহামারির কবলে পড়া, মহামারির ভয় আর অনিশ্চয়তায় আচ্ছন্ন এক বিশ্বকে পটভূমি ধরে দীর্ঘদিন পর নির্মাণে ফিরেছেন খ্যাতিমান নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ। আর এই সিরিজের কেন্দ্রেই আছেন নাজিফা তুষি। সাদ ও তুষির আসন্ন এই স্বল্পদৈর্ঘ্য সিরিজের নাম ANNiE। গতকাল প্রকাশ্যে এসেছে অ্যাানির অফিসিয়াল ট্রেলার ও পোস্টার।

নির্মাতা সাদ তাঁর নিজস্ব নীলাভ রঙের ভিজ্যুয়াল প্যালেট স্টাইল ব্যবহার করে নির্মাণ করেছেন সিরিজটি। এই ভিজ্যুয়াল মনে করিয়ে দেয় কান চলচ্চিত্রে নমিনেশন পাওয়া সাদের সিনেমা রেহানা মরিয়ম নুর এর কথা।
ক্যাম্প ফেস্টিভ্যালে অ্যানি
অ্যানি সিরিজটির ট্রেলার ছিলো যন্ত্রণা, নিঃসঙ্গতা এবং অস্বস্তির অনুভূতিপূর্ণ। এতে নাজিফা তুষিকে দেখা গেছে রহস্যময়, অস্বস্তিকর এবং ডিস্টোপিয়ান এক জগতের সঙ্গে লড়াইরত অবস্থায়। যার কারণে সিরিজটি ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে অ্যানি ব্যাপক মনোযোগ অর্জন করেছে আরেকটি কারণেও। অ্যানি বাংলাদেশের প্রথম সিরিজ, যা মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক টেলিভিশন উৎসব সিরিজ ‘ক্যাম্প ফেস্টিভ্যাল’ এর ‘ওমেন ইন সিরিজ’ বিভাগে নির্বাচিত হয়েছে।
সিরিজটি জার্মানির কোলোন শহরের সিনেনোভা ভেন্যুর থিয়েটারে ৩ এ ৯ জুন বিশ্ব প্রিমিয়ার হবে। প্রিমিয়ারের আগেই সিরিজটির ট্রেলার বিশ্বব্যাপী দর্শকদের জন্য প্রকাশ করা হয়েছে।
ট্রেলারে যা আছে
ট্রেলারে দেখা যায় নাজিফা তুষি একজন তরুণ নার্স, যিনি তার পাঁচ ভাইবোনের দেখাশোনা করতে গিয়ে বেঁচে থাকার লড়াই করছেন। কিন্তু এক ভয়াবহ আক্রমণের পর তার জীবন নাটকীয়ভাবে বদলে যায়।

নিজের ভেতরে এবং চারপাশের পৃথিবীতে জমে থাকা ঘৃণার সঙ্গে লড়াই করতে করতে অ্যানি ধীরে ধীরে এমন এক অন্ধকারে ডুবে যায়, যেখান থেকে প্রতিশোধই যেন একমাত্র পথ হয়ে দাঁড়ায়।
প্রযোজক দলের ভাষ্য অনুযায়ী, “ANNiE” নির্মিত হয়েছে একটি চেম্বার ড্রামা ধাঁচে। নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ এর পূর্ববর্তী কাজগুলোর মতোই সিরিজটি পুরুষ ও নারীর সম্পর্কের মধ্যে লুকিয়ে থাকা বৈষম্য, অবিশ্বাস এবং সামাজিক সহিংসতার বিষয়গুলোও উঠে এসেছে এতে।
ব্যক্তিগত ট্রমাকে বৃহত্তর সামাজিক সংকটের সঙ্গে যুক্ত করেছেন নির্মাতা। তাঁর বিশ্বাস এই সিরিজটি আন্তর্জাতিক দর্শকদের কাছে গভীরভাবে আলোড়ন তুলবে।

ডিস্টোপিয়ান (Dystopian) হলো আদর্শ সমাজের বিপরীত এক ভয়াবহ কাল্পনিক সমাজব্যবস্থা, যেখানে মানবিক বিপর্যয়, ভয়, বৈষম্য ও চরম ভোগান্তি দেখা যায়। ‘অ্যানি’কে ডিস্টোপিয়ান সিরিজ বলা হচ্ছে, কারণ এর গল্প মহামারি, ঘৃণা ও সামাজিক অস্থিরতায় বিপর্যস্ত এক অন্ধকার পৃথিবীকে ঘিরে এগিয়েছে। ট্রেলার দেখে ধারণা করা যায়, সিরিজটি ব্যক্তিগত ট্রমা, সামাজিক সহিংসতা এবং মানুষের ভেতরে জমে থাকা অন্ধকার বাস্তবতাকে ডিস্টোপিয়ান আবহে তুলে ধরবে।
এই ধরণের গল্প বা সিনেমা শুধু বিনোদনের জন্য নয়। এগুলো মূলত আমাদের বর্তমান সমাজের রাজনীতি, প্রযুক্তির অপব্যবহার এবং পরিবেশ দূষণের মারাত্মক পরিণতি সম্পর্কে একটি আগাম সতর্কবার্তা দেয়।
নাজিফা তুষির পাশাপাশি সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সুবরিন, ফারহানা মিথু, নাজাহ প্রমুখ।এখন দেখার পালা হাওয়া, রইদের পরে অ্যানি দিয়ে কতটুকু আলোড়ন তুলতে পারেন নাজিফা তুষি।


