এলিয়েনে বিশ্বাস করেন স্পিলবার্গ
হলিউডের খ্যাতিমান পরিচালক স্টিভেন স্পিলবার্গ মনে করেন, আমাদের জীবদ্দশাতেই ভিনগ্রহের প্রাণের অস্তিত্বের প্রমাণ মিলতে পারে। চার দশকেরও বেশি সময় ধরে তিনি তার চলচ্চিত্রে মহাবিশ্বে মানুষের একাকিত্ব ও পৃথিবীর বাইরের জীবনের সম্ভাবনা তুলে ধরেছেন। E.T. ( The Extra-Terrestrial) এবং Close Encounters of the Third Kind এর মতো জনপ্রিয় সিনেমার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে এই রহস্যময় বিষয়টি নিয়ে দর্শকদের ভাবতে উদ্বুদ্ধ করে আসছেন।


এবার তিনি আবারও সেই বিষয়েই ফিরছেন নতুন বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক থ্রিলার Disclosure Day এ। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, জোশ ও’কনর, কোলম্যান ডোমিঙ্গো, কলিন ফার্থ এবং ইভ হিউসন।

সিনেমার গল্পে এমন একটি পৃথিবী দেখানো হয়েছে, যেখানে মানবজাতি এক যুগান্তকারী সত্য উন্মোচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণের অস্তিত্ব রয়েছে এবং সেই তথ্য দীর্ঘদিন ধরে গোপন রাখা হয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র আবহাওয়াবিদ মার্গারেট ফেয়ারচাইল্ড ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ড্যানিয়েল কেলনার। তারা একটি দীর্ঘদিনের গোপন ষড়যন্ত্রের প্রমাণ খুঁজে পান এবং এরপর সরকার ও প্রভাবশালী করপোরেশনগুলোর নজরে পড়ে যান।

লন্ডনের লেস্টার স্কয়ারে আয়োজিত চলচ্চিত্রটির যুক্তরাজ্য প্রিমিয়ারে স্পিলবার্গ বলেন, ভিনগ্রহের প্রাণ নিয়ে তার দৃষ্টিভঙ্গি সময়ের সঙ্গে আরও বাস্তবধর্মী হয়েছে। তার ভাষায়,
এখনও অনেক রহস্য রয়েছে, অনেক তথ্য আমাদের অজানা। তবে আমি আগের চেয়ে বেশি আশাবাদী যে মানুষ এমন কিছু আবিষ্কার করবে, যা এতদিন আমাদের জানার সুযোগ হয়নি।
৭৯ বছর বয়সী এই নির্মাতার মতে, ভিনগ্রহের প্রাণের অস্তিত্ব আবিষ্কার হলে তা মানবজাতিকে আরও কাছাকাছি নিয়ে আসতে পারে। তিনি বলেন,
এই চলচ্চিত্র মূলত সহমর্মিতা ও মানুষকে একত্রিত করার গল্প। ভিনগ্রহের প্রাণের অস্তিত্বের প্রমাণ মিললে সেটিও মানুষকে একত্র করবে।
চলচ্চিত্রের প্রধান অভিনেত্রী এমিলি ব্লান্টও একই ধরনের আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ”যদি আমরা জানতে পারি যে ভিনগ্রহের প্রাণ সত্যিই আছে, তাহলে মানুষ ভয় পাওয়ার বদলে বিস্মিত ও মুগ্ধ হবে বলেই আমি আশা করি।” তার মতে, “গাণিতিকভাবে ভাবলে আমরা মহাবিশ্বের একমাত্র সভ্যতা, এমনটা বিশ্বাস করা কঠিন।”

এআই বনাম মানব সৃজনশীলতা
চলচ্চিত্রটির মুক্তি এমন এক সময়ে হচ্ছে, যখন অজ্ঞাত উড়ন্ত বস্তু, সরকারি গোপনীয়তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা বিশ্বজুড়ে নতুন মাত্রা পেয়েছে। এ প্রসঙ্গে স্পিলবার্গ বলেন, চলচ্চিত্র নির্মাণে এআই বিভিন্ন কারিগরি কাজে সহায়ক হতে পারে, কিন্তু এটি কখনো লেখক, অভিনেতা বা পরিচালকের সৃজনশীলতার বিকল্প হতে পারে না।
অভিনেতা কোলম্যান ডোমিঙ্গোও বিশ্বাস করেন যে পৃথিবীর বাইরে কোথাও না কোথাও প্রাণের অস্তিত্ব থাকতে পারে। তার ভাষায়,
আমরা যখন আকাশের তারার দিকে তাকাই, তখন মনে হয় কেউ হয়তো সেখান থেকেও আমাদের দিকে তাকিয়ে আছে।
সবশেষে, আমাদের জীবদ্দশায় পৃথিবীর বাইরের প্রাণের অস্তিত্ব আবিষ্কৃত হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্পিলবার্গ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “হ্যাঁ। এবং তারা যাই হোক না কেন, আমি তা মেনে নেব।”
বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক থ্রিলার ডিসক্লোজার ডে, ১২ জুন ২০২৬ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিকভাবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, জশ ও’কনর, কলিন ফার্থ, ইভ হিউসন এবং কোলম্যান ডোমিঙ্গো।


