দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি তারকাদের
রামিসা হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় শোকাহত তারকা অঙ্গন। রামিসা হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তীব্র আলোচনা। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি তুলছেন।

শাস্তি দিতে দেরি হবে কেন প্রশ্ন কনক চাঁপার
জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপা নিজের ফেসবুক পোস্টে ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ধর্ষণের মতো অপরাধে দোষ স্বীকারের পরও বিচার কার্যকর হতে এত সময় লাগে কেন।
কনক চাঁপা আরও বলেন, সমাজে পেডোফাইলের সংখ্যা ভয়াবহভাবে বাড়ছে। অপরাধীদের পক্ষে আইনজীবীরা দাঁড়ানো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, বিচারহীনতার কারণেই অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় উদ্বেগ
ফেসবুক পোস্টে শিশু নির্যাতনের ভয়াবহতা নিয়েও কথা বলেছেন কনক চাঁপা। তিনি বলেন, একটি শিশুর ওপর এমন নিষ্ঠুর নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজের নৈতিক অবক্ষয়ের কারণেই এসব ঘটনা বাড়ছে বলেও মন্তব্য করেন এই শিল্পী।
তিনি আরও লিখেছেন, প্রকাশ্যে বিচার কার্যকর করা হলে অপরাধীরা ভয় পাবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির বিকল্প নেই বলেও মনে করেন কনক চাঁপা। তার স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ধর্ষককে শাস্তি দিতে মব জাস্টিস চান মিশু সাব্বির
অভিনেতা মিশু সাব্বিরও রামিসা হত্যাকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ধর্ষক ও হত্যাকারীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। এমনকি এই ঘটনায় মব জাস্টিসের পক্ষেও মত দিয়েছেন অভিনেতা।
মন্তব্যের ঘরে অনেকেই মিশু সাব্বিরের বক্তব্যকে সমর্থন করেছেন। কেউ লিখেছেন, ধর্ষকের জন্য কোনো সহানুভূতি থাকা উচিত নয়। বর্তমানে কানাডার টরেন্টোতে থাকলেও দেশের বিভিন্ন ঘটনা নিয়ে নিয়মিত মত প্রকাশ করছেন এই অভিনেতা।

জানাজার আগেই ধর্ষকের শাস্তি চান তমা মির্জা
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জাও এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, ধর্ষণকারীর বিচার হতে হবে দ্রুততম সময়ে। এমন শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
তমা মির্জা ধর্ষকদের পক্ষে আইনজীবীদের দাঁড়ানো নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ধর্ষণের মতো অপরাধে সময়ক্ষেপণের কোনো সুযোগ থাকা উচিত নয়। নিহত রামিসাকে নিজের বোনের সঙ্গে তুলনা করে তিনি সবাইকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

আদালতে দায় স্বীকার করেছে আসামি
আলোচিত এই ঘটনায় অভিযুক্ত সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি ঘটনার আগে ইয়াবা সেবনের কথাও স্বীকার করেছেন। শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
