প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকের প্রিয় মিকি মাউসের ৯৮তম জন্মদিন আজ ১৮ নভেম্বর। ১৯২৮ সালের এই দিনে নিউইয়র্কের কলোনি থিয়েটারে মুক্তি পেয়েছিল ওয়াল্ট ডিজনির অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্টিমবোট উইলি’। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয় মিকি ও মিনি মাউসের, আর দিনটিকেই মিকির আনুষ্ঠানিক জন্মদিন হিসেবে পালন করা হয়।
তবে মিকির যাত্রা শুরু হয়েছিল আরও আগে। ১৯২৮ সালের মে মাসে তৈরি ‘প্লেন ক্রেজি’ ছিল তাকে নিয়ে বানানো প্রথম কার্টুন, এরপর তৈরি হয় ‘দ্য গ্যালোপিন গাউচো’। কিন্তু সে সময় ছবি দুটির জন্য উপযুক্ত পরিবেশক পাওয়া যায়নি। পরে শব্দযুক্ত অ্যানিমেশনের পরিকল্পনা থেকে তৈরি হয় ‘স্টিমবোট উইলি’, সেটিই প্রথম মুক্তি পায় এবং মিকিকে পরিচিত করে তোলে বিশ্বজুড়ে।

দর্শকের প্রিয় মিকি মাউসের জন্মকথা
মিকি মাউসের স্রষ্টা ওয়াল্ট ডিজনি, আর চরিত্রটির নকশা ও অ্যানিমেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অ্যানিমেটর ইউবি আইওয়ার্কস। ডিজনির আগের জনপ্রিয় চরিত্র অসওয়াল্ড দ্য লাকি র্যাবিটের স্বত্ব হারানোর পর নতুন চরিত্র তৈরির উদ্যোগ থেকেই জন্ম নেয় এই প্রাণবন্ত ইঁদুর চরিত্রটি।
প্রচলিত আছে, চরিত্রটির নাম প্রথমে ‘মর্টিমার’ রাখার কথা ভাবা হয়েছিল। তবে ওয়াল্ট ডিজনির স্ত্রী লিলিয়ান ডিজনির পরামর্শে নাম রাখা হয় ‘মিকি’। এরপর থেকে এই নামেই পরিচিতি পায় চরিত্রটি।
আট মিনিটের সাদা-কালো ‘স্টিমবোট উইলি’ ছিল সমন্বিত শব্দযুক্ত অ্যানিমেশনের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক কাজ। পর্দায় চরিত্রের নড়াচড়া, সংগীত ও শব্দের সমন্বয় দর্শকদের কাছে তৈরি করে নতুন অভিজ্ঞতা। ছবিতে মিকিকে দেখা যায় স্টিমবোটের নাবিক হিসেবে, ক্যাপ্টেন পিটের সঙ্গে নানা মজার ঘটনায় জড়িয়ে পড়তে।

ধীরে ধীরে মিকি হয়ে ওঠে ওয়াল্ট ডিজনি প্রতিষ্ঠানের অন্যতম প্রধান প্রতীক। কার্টুনের পাশাপাশি টেলিভিশন, কমিকস, বই ও খেলনায় জায়গা করে নেয় সে। ১৯৪০ সালে ‘ফ্যান্টাসিয়া’ ছবির মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিষেক হয় মিকির। ১৯৭৮ সালে ৫০তম জন্মদিনে হলিউড ওয়াক অব ফেমে তারকা পায় মিকি, অ্যানিমেটেড চরিত্র হিসেবে যা ছিল প্রথম।
সময়ের সঙ্গে মিকির চেহারা ও উপস্থাপনায় পরিবর্তন এলেও তার গোল কান, লাল পোশাক আর প্রাণবন্ত ব্যক্তিত্ব এখনো দর্শকের কাছে বিশেষ আকর্ষণ। প্রায় এক শতাব্দী ধরে প্রজন্মের পর প্রজন্মের কাছে জনপ্রিয়তা ধরে রেখেছে এই চরিত্র।









