Sunday, November 15, 2026

কেরালা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নতুন স্বীকৃতি পেল বাংলাদেশের সিনেমা। ভারতের ৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফকে) মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা সেন’। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ১০টি দেশের মোট ১৪টি সিনেমা নিয়ে সাজানো হয়েছে এবারের প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশ থেকে একমাত্র সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে ‘বনলতা সেন’।

আগামী ১১ ডিসেম্বর ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে শুরু হবে উৎসবের ৩১তম আসর। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা চলচ্চিত্রের জন্য থাকছে ‘সুবর্ণ চকোরম’ পুরস্কার। বিজয়ী সিনেমার পরিচালক ও প্রযোজক যৌথভাবে পাবেন ২০ লাখ ভারতীয় রুপি। এ ছাড়া সেরা পরিচালক ও সেরা নবীন পরিচালকের জন্যও রয়েছে আলাদা পুরস্কার।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় যেসব সিনেমা

প্রতিযোগিতায় বাংলাদেশের সিনেমাটির সঙ্গে রয়েছে ভারতের কিংবদন্তি নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের ‘পদযাত্রা’। এ সিনেমায় অভিনয় করেছেন মালয়ালম তারকা মাম্মুটিও। এ ছাড়া রয়েছে ব্রাজিলের অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’, ফিলিপাইনের লরেন্স ফাজার্দোর ‘সাইলেন্সড নাইটস’, মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ এবং ইরানের ‘স্লাম্বার’।

এবারের তালিকায় চীন, ইরান, মেক্সিকো, ভারত, ব্রাজিল, ফিলিপাইন, বাংলাদেশ, উরুগুয়ে, উজবেকিস্তান ও কাজাখস্তানের সিনেমা রয়েছে। উৎসব কর্তৃপক্ষের প্রকাশিত আনুষ্ঠানিক তালিকায় ১৪টি সিনেমার নাম ও নির্মাতাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

কেরালা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’
ছবি: সংগৃহীত

জীবনানন্দের কবিতা থেকে সিনেমা

কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ এবং তাঁর জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। তবে এটি প্রচলিত ধারার জীবনীচিত্র নয়। কবির জীবন, সাহিত্য ও ভাবনাকে নিজস্ব কাব্যিক ও নিরীক্ষাধর্মী নির্মাণশৈলীতে পর্দায় তুলে ধরেছেন মাসুদ হাসান উজ্জ্বল।

সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের চরিত্রে রয়েছেন খায়রুল বাসার। এ ছাড়া অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি। সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। প্রযোজনায় রয়েছেন মাসুদ হাসান উজ্জ্বল এবং সহপ্রযোজক চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন।

‘বনলতা সেন’ আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি লিখেছেন, ‘আমি প্রায় ধরেই নিয়েছিলাম, কবি জীবনানন্দ দাশের মতোই তাঁর “বনলতা সেন”ও হয়তো কখনো প্রাপ্য স্বীকৃতি ও প্রশংসা পাবে না। তাই এসব (উৎসব) নিয়ে খুব একটা ভাবতামও না।’

নির্মাতা আরও লিখেছেন, ‘অবশেষে ৩১তম আন্তর্জাতিক কেরালা চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়ে “বনলতা সেন” শুরু করেছে তার আন্তর্জাতিক যাত্রা। কী অদ্ভুত পরিহাস! আমার বিশ্বাস, জীবনানন্দ দাশ বেঁচে থাকলে এই পরিহাস ঠিকই বুঝতে পারতেন।’

১৪টি সিনেমার মধ্যে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ‘বনলতা সেন’-এর এই নির্বাচন দেশের চলচ্চিত্রের জন্য উল্লেখযোগ্য অর্জন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় এবার জীবনানন্দ দাশের সাহিত্য ও জীবননির্ভর এই সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র।

Share

Read more

Local News