অ্যাপল মিউজিকের ২০২৬ সালের সেরা ১০০ গানের তালিকায় জায়গা পেয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের ‘সুইম’। ব্যান্ডটির পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘অ্যারিরাং’-এর প্রধান গান এটি। এ বছরের তালিকায় জায়গা পাওয়া একমাত্র কে-পপ শিল্পীও বিটিএস।

শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অ্যাপল মিউজিক তাদের বার্ষিক সেরা গানের তালিকা প্রকাশ করে। বিভিন্ন ঘরানার ১০০টি গান নিয়ে তৈরি এই তালিকায় স্থান পেয়েছে বিটিএসের ‘সুইম’। গানটি প্ল্যাটফর্মটির ‘এ-লিস্ট পপ’, ‘ভাইরাল হিটস’ ও ‘কে-পপ ওয়ার্ল্ড’ প্লেলিস্টেও রয়েছে।
বিটিএসের নতুন অ্যালবাম প্রকাশকে কে-পপ সংগীতের জন্য বছরের অন্যতম প্রতীক্ষিত ঘটনা হিসেবে দেখছে অ্যাপল মিউজিক। দীর্ঘ বিরতির পর ব্যান্ডটির প্রত্যাবর্তন এবং নতুন সংগীত নিয়ে ভক্তদের আগ্রহের বিষয়টিও গুরুত্ব পেয়েছে প্ল্যাটফর্মটির মূল্যায়নে।
এদিকে আন্তর্জাতিক সংগীতের বাজারে ভালো অবস্থান ধরে রেখেছে বিটিএসের ‘অ্যারিরাং’। বিলবোর্ডের সর্বশেষ তালিকায় অ্যালবামটি ‘বিলবোর্ড ২০০’-এর ৬২তম অবস্থানে রয়েছে। টানা ৩৩ সপ্তাহ ধরে তালিকাটিতে জায়গা ধরে রেখেছে এটি। অন্যদিকে অ্যালবামের প্রধান গান ‘সুইম’ রয়েছে বিলবোর্ড গ্লোবাল ২০০ তালিকার ২৮তম অবস্থানে।

নতুন অ্যালবাম নিয়ে সংগীত পরিবেশনের প্রস্তুতিও নিচ্ছে ব্যান্ডটি। আগামী ১৯ নভেম্বর তাইওয়ানের কাওশিউং শহরে কনসার্টের মধ্য দিয়ে ‘অ্যারিরাং’ বিশ্বভ্রমণের এশিয়া পর্ব শুরু হবে। এরপর ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও জাকার্তায় মঞ্চে উঠবেন বিটিএসের সাত সদস্য।









