জনপ্রিয় কোরিয়ান ওয়েবটুন অবলম্বনে নির্মিত ফ্যান্টাসি রোমান্টিক সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে। রাজকীয় প্রাসাদ, প্রেম, বিশ্বাসঘাতকতা আর নানা রহস্যে সাজানো সিরিজটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল আগে থেকেই। মুক্তির প্রথম দিনেই একসঙ্গে চারটি পর্ব প্রকাশ করে দর্শকদের জন্য চমক দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।
৩ নভেম্বর মঙ্গলবার নির্ধারিত সময়ের এক দিন আগেই সিরিজটির প্রথম চারটি পর্ব মুক্তি দেওয়া হয়। শুরুতে ৪ নভেম্বর মুক্তির কথা থাকলেও ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে এক দিন আগেই পর্বগুলো প্রকাশের ঘোষণা দেয় ডিজনি। মোট ১০ পর্বের এই সিরিজে অভিনয় করেছেন কোরিয়ান বিনোদনজগতের পরিচিত চার তারকা শিন মিন-আ, জু জি-হুন, লি জং-সুক ও লি সে-ইয়ং।
লি জং-সুকের পাখি হয়ে প্রাসাদে প্রবেশ
সিরিজটির অন্যতম আকর্ষণ প্রিন্স হেনরি চরিত্রে লি জং-সুকের অভিনয়। ‘ডক্টর স্ট্রেঞ্জার’, ‘ডব্লিউ’ ও ‘বিগ মাউথ’খ্যাত এই অভিনেতাকে এবার দেখা যাচ্ছে এক ভিন্নধর্মী ফ্যান্টাসি চরিত্রে। পশ্চিম রাজ্যের রাজপরিবারের একটি বিশেষ ক্ষমতা রয়েছে। তারা চাইলে পাখিতে রূপান্তরিত হতে পারেন। সেই ক্ষমতা ব্যবহার করেই পূর্ব সাম্রাজ্যের প্রাসাদে প্রবেশ করেন প্রিন্স হেনরি।
গল্পে দেখা যায়, পাখির রূপ নিয়ে প্রাসাদে গুপ্তচরবৃত্তি করতে গিয়ে সম্রাজ্ঞী নাভিয়ারের সঙ্গে পরিচয় হয় তাঁর। নাভিয়ার পাখিটিকে আদর করে কাছে টেনে নেন। অন্যদিকে হেনরি ধীরে ধীরে নাভিয়ারের প্রতি দুর্বল হয়ে পড়েন। একসময় পাখির রূপেই তাঁর সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে। এই অদ্ভুত পরিচয়ই গল্পে তৈরি করেছে রোমান্স ও কৌতূহলের নতুন মাত্রা।

সম্রাটের বিশ্বাসঘাতকতায় বদলে যায় নাভিয়ারের জীবন
সিরিজের গল্পের কেন্দ্রে রয়েছেন পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়ার। শিন মিন-আ অভিনীত এই চরিত্রের সঙ্গে সম্রাট সোভিয়েশুর সম্পর্কটা শুরু থেকেই কিছুটা ভিন্ন। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক না থাকলেও শৈশব থেকেই বন্ধুত্ব ও পারিবারিক বন্ধন রয়েছে। দুজন মিলে সাম্রাজ্যের উন্নতির জন্য কাজ করেন।
কিন্তু সেই সম্পর্কে ভাঙন ধরে যখন সম্রাট সোভিয়েশু রাস্তা নামের এক তরুণীর প্রেমে পড়েন। জু জি-হুন অভিনীত সম্রাট নিজের স্ত্রীকে উপেক্ষা করে রাস্তার প্রতি মনোযোগী হয়ে ওঠেন। একপর্যায়ে নাভিয়ারকে বিচ্ছেদের প্রস্তাব দেন তিনি।
স্বামীর এমন সিদ্ধান্তে ভেঙে না পড়ে নিজের মর্যাদা ও ভবিষ্যৎ রক্ষায় নতুন সিদ্ধান্ত নেন নাভিয়ার। বিচ্ছেদে সম্মতি জানানোর পাশাপাশি শর্ত দেন, তাঁকে যেন পুনরায় বিয়ের অনুমতি দেওয়া হয়। আর সেই নতুন জীবনের সঙ্গী হিসেবে সামনে আসেন পশ্চিম রাজ্যের রাজপুত্র হেনরি।
১০ পর্বে শেষ হবে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’
মোট ১০ পর্বে নির্মিত হয়েছে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। প্রথম দিনেই চারটি পর্ব প্রকাশের পর বাকি পর্বগুলো প্রতি বুধবার দুটি করে মুক্তি পাবে। ১১ নভেম্বর প্রকাশ পাবে পঞ্চম ও ষষ্ঠ পর্ব। এরপর ১৮ নভেম্বর সপ্তম ও অষ্টম পর্ব এবং ২৫ নভেম্বর শেষ দুটি পর্ব প্রকাশের মাধ্যমে শেষ হবে সিরিজটির প্রথম মৌসুম।
ওয়েব নভেল ও ওয়েবটুনের জনপ্রিয় গল্পকে পর্দায় নিয়ে আসায় মুক্তির আগেই সিরিজটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল। এবার সেই গল্পে শিন মিন-আ, জু জি-হুন, লি জং-সুক ও লি সে-ইয়ংয়ের অভিনয় দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।






