পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে ঢাকাই সিনেমায় নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে দর্শকের মন জয় করা এই অভিনেত্রী এখন অসুস্থতার সঙ্গে লড়ছেন। গত ১৩ দিন ধরে রাজধানীর ইনসাফ বারাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চলতি সপ্তাহেই তাঁর বাসায় ফেরার আশা করছেন সংশ্লিষ্টরা।
অভিনয়শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক সূচনা সিকদার গণমাধ্যমকে জানান, সম্প্রতি খালেদা আক্তার কল্পনার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন সংগঠনটির একটি প্রতিনিধিদল। সেখানেই তাঁর চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন তাঁরা।
সূচনা সিকদার বলেন, ‘সবার প্রিয় কিংবদন্তি অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা আন্টি গুরুতর অসুস্থ। গত ১৩ দিন ধরে ইনসাফ বারাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে বর্তমানে আগের চেয়ে অনেকটা ভালো আছেন তিনি।’
ভাইরাসজনিত সমস্যা ও স্নায়বিক জটিলতায় ভুগছেন
ভাইরাসজনিত সমস্যার পাশাপাশি স্নায়বিক জটিলতায়ও ভুগছেন খালেদা আক্তার কল্পনা। অসুস্থতার কারণে টানা চার থেকে পাঁচ দিন কথা বলতে পারেননি তিনি। তবে চিকিৎসায় বর্তমানে তাঁর শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের মধ্যেই হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন এই অভিনেত্রী। এমন আশার কথাই জানিয়েছেন সূচনা সিকদার।
এদিকে নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন খালেদা আক্তার কল্পনা। সূচনা সিকদার জানান, দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সবার দোয়া কামনা করেছেন তিনি। মহান আল্লাহ যেন তাঁকে সম্পূর্ণ সুস্থতা দান করেন, সেই প্রার্থনাও জানিয়েছেন সূচনা।

যেভাবে চলচ্চিত্রে এসেছিলেন খালেদা আক্তার কল্পনা
শিক্ষকতা থেকে চলচ্চিত্রে আসা খালেদা আক্তার কল্পনার অভিনয়জীবনের শুরুর গল্পটিও বেশ ব্যতিক্রমী। ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে যুক্ত হন তিনি। একদিন লন্ড্রি থেকে আনা কাপড়ের ভাঁজে ওই কার্যক্রমের বিজ্ঞাপন চোখে পড়ে তাঁর। কৌতূহল থেকেই আবেদন করেছিলেন। পরে বিষয়টি ভুলে গেলেও সেই আবেদনই বদলে দেয় তাঁর জীবনের গতিপথ।
পরিচালক মিজানুর রহমানের ‘হনুমানের পাতাল বিজয়’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় তাঁর। তবে তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল মতিন রহমান পরিচালিত ‘রাধাকৃষ্ণ’। এরপর দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পর্দায় কখনো গুরুত্বপূর্ণ, কখনো পার্শ্বচরিত্রে নিজের দক্ষতার পরিচয় দিয়ে দর্শকের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন এই অভিনেত্রী।
দীর্ঘদিনের অভিনয়জীবনে বাংলা চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করা খালেদা আক্তার কল্পনা এখন অসুস্থতার কারণে হাসপাতালের বিছানায়। তাঁর শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি ফিরেছে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। এখন সবার প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে হাসপাতাল ছাড়বেন তিনি এবং ফিরে যাবেন স্বাভাবিক জীবনে।







