পারিবারিক টানাপোড়েন, ক্ষমতার লড়াই নাকি নব্বইয়ের দশকের প্রেম-বন্ধুত্ব নিয়ে দুর্গাপূজার ছুটিতে ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘স্নেহের বন্ধন’, ‘কাটপিস’ ও ‘চিরকুট’ । উৎসবের দিনগুলোতে গল্পেরও যেন আলাদা রং লাগে। কখনো পরিবারের মায়া, কখনো ক্ষমতা আর সংঘাতের অন্ধকার, আবার কখনো পুরোনো দিনের বন্ধুত্ব ও প্রেম ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা সময়ে। শারদীয় দুর্গোৎসবের ছুটিতে দর্শকদের জন্য এমন ভিন্ন স্বাদের তিনটি গল্প নিয়ে আসছে ঢাকাই সিনেমা।
আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘স্নেহের বন্ধন’, ‘কাটপিস’ ও ‘চিরকুট’। তিনটি ছবির গল্প ও নির্মাণের ধরন আলাদা। পরিচিত তারকানির্ভর আয়োজনের বাইরে গল্প ও অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের মনোযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছে সিনেমাগুলো।
পরিবারের গল্পে ‘স্নেহের বন্ধন’
পরিবারের সম্পর্কের ভেতরেই লুকিয়ে থাকে ভালোবাসা, অভিমান আর নানা টানাপোড়েন। সেই সম্পর্কের গল্প নিয়ে আসছে কামরুজ্জামান পরিচালিত ‘স্নেহের বন্ধন’। সিনেমাটিতে অভিনয় করেছেন জয় চৌধুরী ও মৌ খান।

আগামী ১৬ অক্টোবর ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন জয় চৌধুরী। সিনেমার মুক্তি প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ঈদ ছাড়া অন্য সময়ে ছবি মুক্তি দেওয়া এখন বেশ সাহসের বিষয়। সিনেমাটি দর্শক কীভাবে গ্রহণ করবেন কিংবা ব্যবসায়িকভাবে কেমন করবে, তা আগে থেকে বলা কঠিন। এমন পরিস্থিতিতেও মুক্তির সিদ্ধান্ত নেওয়ায় প্রযোজকের সাহসের প্রশংসা করেছেন তিনি। উৎসবের ছুটিতে পরিবারের সঙ্গে সিনেমা দেখতে চাইলে ‘স্নেহের বন্ধন’ হতে পারে পছন্দের তালিকায় থাকা একটি ছবি।
ক্ষমতার খেলা ‘কাটপিস’
সব গল্পের রং এক নয়। কোনো গল্পে থাকে সম্পর্কের কোমলতা, আবার কোনো গল্পে উঠে আসে অর্থ, ক্ষমতা আর আধিপত্যের কঠিন বাস্তবতা। ‘কাটপিস’ সেই দ্বিতীয় জগতের গল্প বলতে আসছে।
গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। ব্যবসার হিসাব-নিকাশের আড়ালে অর্থ ও ক্ষমতার দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার এবং সংঘাতের পাশাপাশি এতে রয়েছে পারিবারিক আবেগ ও সম্পর্কের টানাপোড়েন।

সিনেমাটি নির্মাণ ও প্রযোজনা করেছেন ইফফাত জাহান মম। অভিনয় করেছেন শিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির ও এলিনা শাম্মী। মুক্তির আগেই প্রকাশিত হয়েছে ছবিটির একটি আইটেম গান। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসবে ‘কাটপিস’। অর্থ ও ক্ষমতার সংঘাতের গল্প বড় পর্দায় কীভাবে তুলে ধরা হয়েছে, তা দেখার অপেক্ষায় থাকবেন দর্শকেরা।
নব্বইয়ের দশকের ‘চিরকুট’
কিছু সময় পেরিয়ে যায়, কিন্তু তার গল্প থেকে যায়। পুরোনো ক্যাম্পাস, বন্ধুদের আড্ডা, প্রথম প্রেম কিংবা তারুণ্যের দুরন্ত দিন স্মৃতির ভেতর এমন অনেক মুহূর্তই বারবার ফিরে আসে। মুনতাসির আকিব পরিচালিত ‘চিরকুট’ দর্শকদের ফিরিয়ে নিতে চায় তেমনই এক সময়ে।
নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জীবনকে ঘিরে নির্মিত সিনেমাটিতে থাকছে বন্ধুত্ব, প্রেম, তারুণ্যের উচ্ছ্বাস, নস্টালজিয়া ও জীবনের নানা গল্প। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মীম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, আব্দুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজন।

পরিচালক মুনতাসির আকিব জানিয়েছেন, নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকেই সিনেমাটির গল্পের সূত্রপাত। সেই সময়ের পরিবেশ, মানুষের আবেগ ও ঘটনাটিকে সিনেমার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছেন তাঁরা। দর্শক যেন শুধু একটি গল্প দেখেন না, বরং একটি সময়কে অনুভব করতে পারেন সেটিই তাঁদের লক্ষ্য। দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর মুক্তি পাবে ‘চিরকুট’। তবে ছবিটি প্রদর্শিত হবে শুধু সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে।
উৎসবের ছুটিতে কোন গল্পে ডুব দেবেন?
একই দিনে মুক্তি পেতে যাওয়া তিনটি সিনেমা দর্শকদের সামনে হাজির করছে তিন রকমের অভিজ্ঞতা। ‘স্নেহের বন্ধন’ নিয়ে যাবে পারিবারিক সম্পর্কের গল্পে, ‘কাটপিস’ তুলে ধরবে অর্থ ও ক্ষমতার দ্বন্দ্ব, আর ‘চিরকুট’ ফিরিয়ে নেবে স্মৃতিমাখা ক্যাম্পাসজীবনে।
উৎসবের ছুটিতে তাই সিনেমা বেছে নেওয়ার সুযোগ থাকছে গল্পের পছন্দ অনুযায়ী। তবে তিনটি ছবির সব কটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে কি না, তা জানতে সংশ্লিষ্ট হলের সময়সূচি দেখে নেওয়া প্রয়োজন।
শেষ পর্যন্ত উৎসবের রঙের সঙ্গে কোন সিনেমার গল্প মিশে যাবে দর্শকের মনে? উত্তর মিলবে বড় পর্দায়, দর্শকের প্রতিক্রিয়ায় আর সিনেমা হলের আলো নিভে যাওয়ার পরও মনে থেকে যাওয়া গল্পগুলোতে।









