বিসিএস ক্যাডার এমন চরিত্রে মুশফিক আর ফারহানকে দেখা গেছে ‘পথের সাথীকে চিনে নিও’ নাটকে। প্রেমের গল্পের এই নাটকটি এরই মধ্যে ৫১ লাখের বেশি ভিউ পেয়েছে। তবে গল্পে বিসিএস, ইউএনও ও ম্যাজিস্ট্রেট পদ নিয়ে কয়েকটি বিষয় দর্শকদের নজরে এসেছে। এসব নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা মন্তব্য ও হাসাহাসি।
জুবায়ের ইবনে বকরের পরিচালনায় ‘পথের সাথীকে চিনে নিও’ নাটকটি ১০ সেপ্টেম্বর বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। নাটকটির গল্প লিখেছেন শাহজাহান সৌরভ।

এতে মইন খান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। গল্পে দরিদ্র মইনের সঙ্গে তাঁর প্রেমিকার সম্পর্ক ভেঙে যায়। এরপর জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে বিসিএস ক্যাডার হন মইন এবং পরে তাঁকে ইউএনও হিসেবে দেখা যায়।

প্রথম দিনেই ইউএনও
গল্পের এই অংশ নিয়েই মূলত প্রশ্ন তুলেছেন দর্শকরা। নাটকে বিসিএস ক্যাডার হওয়ার পরপরই মইনকে চাকরির প্রথম দিন ইউএনও পদে যোগ দিতে দেখা যায়।
দর্শকদের অনেকে বলছেন, বাস্তব প্রশাসনিক ব্যবস্থায় বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিয়েই সরাসরি প্রথম কর্মদিবসে ইউএনও হওয়ার বিষয়টি সঠিক নয়। প্রশাসন ক্যাডারে চাকরির পর বিভিন্ন ধাপ ও দায়িত্ব পালনের মধ্য দিয়ে ইউএনও হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ আসে।
ফলে বিসিএস ক্যাডার ফারহান চরিত্রের চাকরিজীবনের এই উপস্থাপনাই দর্শকদের চোখে প্রথম বড় অসংগতি হিসেবে ধরা পড়েছে।
‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ নিয়েও আপত্তি
নাটকের আরেকটি বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে। সেখানে মইনের পদকে ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
দর্শকদের অভিযোগ, বাংলাদেশের সরকারি চাকরির প্রচলিত পদ কাঠামোয় ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ নামে কোনো পদ নেই। ফলে নাটকের এই পদবি নিয়েও তৈরি হয়েছে হাস্যরস।
এ ছাড়া একটি নামফলকে ‘উত্তরা’কে উপজেলা হিসেবে দেখানো হয়েছে বলেও দর্শকদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে।

ভুল ধরেই চলছে হাসাহাসি
নাটকটি দর্শকদের বড় একটি অংশের প্রশংসা পেলেও এসব অসংগতি নিয়ে মন্তব্য থামছে না। কেউ নির্মাতাদের এমন বিষয় উপস্থাপনের আগে তথ্য যাচাইয়ের পরামর্শ দিয়েছেন। আবার কেউ ভুলগুলো নিয়ে রসিকতা করছেন।
এক দর্শক কটাক্ষ করে লিখেছেন, ‘এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দিন শেষ, এবার আসছে অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট!’
এসব সমালোচনা নিয়ে এখন পর্যন্ত নাটকটির নির্মাতা কিংবা অভিনয়শিল্পীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নাটকটিতে মুশফিক আর ফারহানের সঙ্গে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, জয়নাল জ্যাক, মিলি বাসার ও আরকে রেজা।
এর আগে আনিসুর রহমান রাজিবের ‘সে প্রথম প্রেম আমার’ নাটকের একটি দৃশ্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে হাসাহাসি হয়েছিল। সেখানে গল্পের নায়ক ফারহান আহমেদ জোভান নিজেকে বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। নাটকটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন আইশা খান।
ফলে নাটকের গল্পে বিসিএসসহ সরকারি চাকরির বিভিন্ন পদ তুলে ধরার ক্ষেত্রে তথ্যের নির্ভুলতা কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়টিও নতুন করে সামনে এসেছে।






