ওটিটিতে মুক্তি পাচ্ছে সাত সিনেমা-সিরিজ
চলমান এপ্রিল মাসে ওটিটিতে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি নতুন সিনেমা ও সিরিজ। আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া কয়েকটি সিনেমাও আসবে ওটিটিতে। সবমিলিয়ে বেশ জমজমাট হয়ে উঠেছে এপ্রিল মাস। এপ্রিলে ওটিটিতে সাত বিদেশি সিনেমা ও সিরিজ মুক্তির অপেক্ষায়। চলুন যেনে নেয়া যাক তাঁদের স্বল্প তথ্য।
নেটফ্লিক্স– ‘ব্লাডহাউন্ডস ২’

এটি দুই বক্সারের গল্প। করোনা মহামারির সময় অর্থ উপার্জনের জন্য ঋণের ব্যবসায় নেমে একজন প্রভাবশালী ও কূট মহাজনের খপ্পরে পড়ে তারা। তখন ব্যবসা চালানো তো দূর, প্রিয়জনদের রক্ষা করাটাই কঠিন হয়ে পড়ে। এমন গল্প নিয়ে নির্মিত অ্যাকশন–ড্রামা সিরিজটি ২০২৩ সালে মুক্তির পর বিশ্বব্যাপী সাড়া ফেলে। এবার আসছে দ্বিতীয় মৌসুম। জেসন কিম পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন উ ডো–হন, লি সাং–ই, পার্ক সাং–উং। এটি মুক্তি পাবে ৩ এপ্রিল।
জিওহটস্টার ও হুলু– ‘দ্য টেস্টামেন্টস’

এই ডিস্টোপিয়ান ড্রামা সিরিজটি তৈরি হয়েছে ২০১৯ সালে প্রকাশিত মার্গারেট অ্যাটউডের ‘দ্য টেস্টামেন্টস’ নামের উপন্যাসকে অবলম্বন করেই। ব্রুস মিলারের সিরিজটিতে অভিনয় করেছেন চেইজ ইনফিনিটি, লুসি হ্যালিডে। ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর ১৫ বছর পরের ঘটনা নিয়ে সিরিজটির গল্প। এটি মুক্তি পাবে ৮ এপ্রিল।
এইচবিও ও জিওহটস্টার– ‘ইউফোরিয়া ৩’

স্যাম লেভিনসনের সিরিজটি এইচবিওতে মুক্তির পর বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় হয়েছে। চার বছর বিরতির পর আসছে এই সিরিজটির তৃতীয় ও শেষ কিস্তি। এবারের মৌসুমে দেখা যাবে পাঁচ বছর পর নতুন দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে চরিত্রগুলো। সিরিজটিতে অভিনয় করেছেন জেনডায়া, সিডনি সুইনি, হান্টার শেফার, জ্যাকব এলর্ডি। এবারের মৌসুমের প্রথম পর্ব মুক্তি পাবে ১২ এপ্রিল, বাকি সাত পর্ব আসবে আগামী ৩১ মে পর্যন্ত।
নেটফ্লিক্স– ‘বিগ মিসটেকস’

দুই ভাই–বোনের কেউই কাউকে সহ্য করতে পারে না। কিন্তু ঘটনাক্রমে তারাই বড় এক অপরাধী গোষ্ঠীর ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়। নিজেদের বাঁচাতে একসঙ্গে কাজ শুরু করতে বাধ্য হয় তারা। এমন গল্প নিয়ে ক্রাইম–কমেডি সিরিজটি নির্মাণ করেছেন ড্যান লেভি ও র্যাচেল সেনট। অভিনয় করেছেন ড্যান লেভি ও টেইলর ওর্তেগা। সিরিজটি মুক্তি পাবে ৯ এপ্রিল।
অ্যাপল টিভি প্লাস– ‘মার্গোস গট মানি ট্রাবল’

ডেভিড ই কেলির কমেডি–ড্রামা সিরিজটি নির্মিত হয়েছে রুফি থর্পের ২০২৪ সালে প্রকাশিত উপন্যাস অবলম্বনে। এতে অভিনয় করেছেন এল ফ্যানিং, নিকোল কিডম্যান। উনিশ বছর বয়সী তরুণী মার্গোকে নিয়ে সিরিজের গল্প। এক অধ্যাপকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। খরচ চালাতে যখন যা খুশি তা–ই করবে ভাবছে মার্গো, তখনই পাশে দাঁড়ান তার সাবেক রেসলার বাবা। বাবা–মেয়ে মিলে শুরু হয় নতুন গল্প। এটি মুক্তি পাবে ১৫ এপ্রিল।
নেটফ্লিক্স– ‘টোস্টার’

রাজকুমার রাও ও পত্রলেখা দম্পতি প্রযোজনা সংস্থা খুলেছেন। ক্যাম্পা প্রোডাকশনসের প্রথম ছবি টোস্টার মুক্তি পাবে ১৫ এপ্রিল। ক্রাইম–কমেডি ঘরানার ছবিটিতে রাজকুমারের বিপরীতে রয়েছেন সানিয়া মালহোত্রা। ছবিতে আরও আছেন অভিষেক ব্যানার্জি, অর্চনা পুরন সিং। এটি পরিচালনা করেছেন বিবেক দাসচৌধুরী।
অ্যামাজন প্রাইম ভিডিও– ‘মটকা কিং’

ভারতের জুয়াজগতের এক পরিচিত নাম রতন খাত্রী যিনি মটকা কিং নামেই বেশি পরিচিত। তিনি মুম্বাইয়ের ধানজি স্ট্রিটে সুতার দামের ওপর বাজি ধরে জুয়াকে শিল্পের মত করে জনপ্রিয় করে তোলেন। তাঁকে নিয়েই এই সিরিজ। সিরিজটি পরিচালনা করেছেন নাগরাজ মানজুলে। এটি মুক্তি পাবে ১৭ এপ্রিল। এতে অভিনয় করেছেন বিজয় ভার্মা, কৃতিকা কামরা, গুলশান দেবাইয়া।


