বলিউডের অসংখ্য বিয়ের গানে তাঁর উপস্থিতি। কখনো প্রেমিক, কখনো বিয়ের আনন্দে মেতে ওঠা নায়ক হিসেবে পর্দায় ভালোবাসার গল্পকে পূর্ণতা দিয়েছেন সালমান খান। তাঁর গানে নেচেছেন অসংখ্য বর-কনে, আনন্দে মেতেছে বহু পরিবার। অথচ বাস্তব জীবনে ৬০ বছর বয়সেও অবিবাহিত এই বলিউড তারকা। এবার নিজের সন্তান চাওয়ার ইচ্ছা নিয়ে কথা বলে ব্যক্তিজীবনের নতুন এক প্রসঙ্গ সামনে এনেছেন ভাইজান।
সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ সালমানের ব্যক্তিজীবন নিয়ে নানা প্রসঙ্গ উঠে এসেছে বলে জানা যাচ্ছে। সেখানে নিজের সন্তান না থাকার অভাব অনুভব করেন কি না, এমন প্রশ্নের জবাবে বাবা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন অভিনেতা। পরিবার, মানসিক নির্ভরতা এবং জীবনে সঙ্গীর প্রয়োজনীয়তা নিয়েও তাঁর ভাবনার কথা সামনে এসেছে।
বিয়ে নিয়ে প্রশ্নে কী বললেন সালমান?
সালমানের বিয়ে নিয়ে কৌতূহল বহুদিনের। দীর্ঘ অভিনয়জীবনে তাঁর প্রেম ও সম্পর্ক নিয়ে নানা সময়ে আলোচনা হলেও এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি এই অভিনেতা। পর্দায় অসংখ্য প্রেমের গল্পে নায়ক হয়েছেন, কিন্তু বাস্তব জীবনে তাঁর সংসার শুরু হয়নি।
এদিকে ‘কফি উইথ করণ’-এর প্রচার ঝলকে করণের সঙ্গে কথোপকথনে হাসি-ঠাট্টা, পুরোনো স্মৃতি ও ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গ উঠে এসেছে। সালমান এখনো কুমার কি না, এমন প্রশ্ন করেন করণ। জবাবে মজার ছলে অভিনেতা বলেন, ‘সংযত হও ভাই, সংযত হও।’

বদলেছে সালমানের জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি?
কথোপকথনে সালমানের জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের বিষয়টিও উঠে এসেছে। করণ জানান, আগের তুলনায় অভিনেতা এখন অনেক বেশি শান্ত ও সংযত। উত্তরে সালমান ইঙ্গিত দেন, এত দিন অন্যদের যে পরামর্শ দিয়ে এসেছেন, এবার নিজের জীবনেও তা মেনে চলার সময় এসেছে।
পর্দায় প্রেম, বিয়ে ও পারিবারিক সম্পর্কের নানা গল্পে দর্শকের মন জয় করেছেন সালমান। বাস্তব জীবনে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত অবশ্য বরাবরই আলাদা। এবার বাবা হওয়ার ইচ্ছার প্রসঙ্গ সামনে আসায় ভক্তদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কি সন্তান নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেবেন তিনি?






