Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

জানা গেল ঈদের ছয় সিনেমার আয়  

এবারের ঈদে সবচেয়ে বেশি আলোচনায় শাকিব-সাবিলার ‘তাণ্ডব’। প্রেক্ষাগৃহের সংখ্যায় ও শোতে এগিয়ে সিনেমাটি। আয়েও গড়েছে রেকর্ড। তবে পিছিয়ে নেই অন্য সিনেমাগুলোও। সিনেমাগুলোর সম্মিলিত আয় নির্দেশ করছে বাংলাদেশের বাণিজ্যিক সিনেমা নতুন দিগন্তের পথে।  

ঈদে মাল্টিপ্লেক্সে ২৮টি শো দিয়ে যাত্রা শুরু করে তাণ্ডব, এখন সিনেমাটির প্রদর্শনীর সংখ্যা ৪৫। এ ছাড়া শতাধিক সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায় ‘তাণ্ডব’। সিনেমাটির আয় প্রসঙ্গে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা প্রথম পাঁচ দিনের হিসাব পেয়েছি। সেখানে আমাদের গ্রস সেল পাঁচ কোটির বেশি। এই আয় আরও বাড়বে। মাঝখানে দর্শক কিছুটা কমলেও এখন আবার আগের মতো দর্শকের আনাগোনা বেড়েছে। সিনেমার প্রযোজনা–সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানায়, সিনেমাটির পরবর্তী পাঁচ দিনের আয় আরও চার কোটি টাকার বেশি।  

‘পরিবার ছাড়া দেখা নিষেধ’ এমন স্লোগানে আসে সিনেমা ‘উৎসব’। শুরুতে মাল্টিপ্লেক্সে ৯টি প্রদর্শনী পেয়েছিল সিনেমাটি। পরিচালক তানিম নূর সিনেমাটি মুক্তির আগের দিন জানিয়েছিলেন, দর্শক পছন্দ করলে তাদের সিনেমার হল বাড়বে। সেটাই হয়েছে। আয়েও এগিয়ে রয়েছে ‘উৎসব’।এখন ছবিটির ১৫টি শো চলছে।

পরিচালক তানিম বলেন, ‘আমাদের সিনেমাটি মাল্টিপ্লেক্সে কয়েকটি শো নিয়ে যাত্রা শুরু করে। সেখান থেকে দর্শক সিনেমাটি গ্রহণ করেছে। পরে হলসংখ্যা অপ্রত্যাশিতভাবে বাড়ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে সিনেমাটি দর্শকদের দেখাতে চাই’। তিনি জানান, গত ৯ দিনে ‘উৎসব’ আয় করেছে এক কোটির বেশি টাকা। এ হিসাব গত সোমবার পর্যন্ত। এ আয়ের সঙ্গে গত দুই দিনে যোগ হবে আরও ২০ লাখ টাকার বেশি।

ঈদে হলসংখ্যায় ২ নম্বরে ছিল ‘ইনসাফ’ । সিনেমাটির ব্যবসায়িক সফলতায় খুশি প্রযোজক খোরশেদ আলম খসরু। তবে তাণ্ডব সিনেমার কারণে তারা কিছুটা পিছিয়ে আছেন বলে জানালেন। খসরু বলেন, ‘আমাদের সিনেমা সামনে আরও ভালো চলবে। কারণ, বিভিন্ন হল থেকে তাণ্ডব নেমে গেলে আমরাই নতুন হিসেবে ঢুকব। সেভাবেই হলমালিকদের সঙ্গে কথা হচ্ছে’। সব মিলিয়ে সিনেমায় আয় কত—এমন প্রশ্নে এই প্রযোজক বলেন, ‘যেটা প্রকাশ্যে এসেছে, সেটা শুধু সিনেপ্লেক্সের। সব মিলিয়ে আয় কোটি তো পার হবেই’।

শুরুতে আশা জাগিয়েও পরে পিছিয়ে পড়ে ‘নীলচক্র’। সিনেমাটির শোর সংখ্যা কমে যায়। কমতে থাকে আয়। পরিচালক মিঠু খান বলেন, ‘আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে ঢাকার বাইরে বড় পরিসরে মুক্তি দেওয়ার। আশা করছি, সেখানে আরও দর্শক পাব। জুলাই থেকে দেশের বাইরে বড় পরিসরে মুক্তি পাবে। সেখান থেকেও ভালো আয় হবে।’ পরিচালক না বললেও নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্রে জানা যায়, বর্তমানে সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে ২৩ লাখের বেশি টাকা।

অল্পসংখ্যক হল নিয়ে আলোচনায় রয়েছে ‘এশা মার্ডার: কর্মফল’। মুক্তির পর থেকে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। সিনেমার পরিচালক সানী সানোয়ার জানান, ক্রমান্বয়ে হল ও দর্শকসংখ্যা বাড়ছে। তিনি জানান, অল্পসংখ্যক শো হলেও বেশির ভাগই ছিল হাউসফুল। সেটা তাঁদের প্রত্যাশিত আয়কে ছাড়িয়ে গেছে। পরিচালক বলেন, ‘আমাদের ছবিটি মিডিয়াম বাজেটের। আমরা আয় যেমন করছি, তেমনি দর্শকদের কাছ থেকে ভালো প্রশংসা পাচ্ছি। এটা কিন্তু আমাদের অর্জন। সিনেমাটিতে নিম্নবিত্ত মানুষের গল্প বলা হয়েছে। সেটা বহু দর্শকের হৃদয় ছুঁয়েছে। ভবিষ্যতে ঢাকার বাইরেও আমাদের সিনেমা মুক্তি পাবে। আয়েও আমরা ভালো অবস্থানে থাকব। তবে একটু সময় লাগবে।’

একটি সূত্র জানায়, শুধু মাল্টিপ্লেক্স থেকেই সিনেমার আয় ১৬ লাখের মতো। ইতিমধ্যে সিনেমার স্বত্বও চড়া দামে বিক্রি হয়েছে।

ঈদের আগে প্রচারণায় এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে হলে দাপট দেখাতে পারেনি ‘টগর’। একটি সূত্র থেকে জানা যায়, ‘টগর’ সিনেমার আয় ১৪ লাখের মতো।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share