Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

সাত–আট মাস ধরে ফোন চালান না শরীফুল রাজ

‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ছবিতে প্রেম আর অ্যাকশনে মিলেমিশে আছেন এই অভিনেত্রী। এটি তার প্রথম বাণিজ্যিক সিনেমাও। ইনসাফ নিয়ে সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে কথা বলেছেন ফারিণ। নিজের কাজ ছাড়াও তিনি কথা বলেছেন ছবির দুই সহ-অভিনেতা মোশাররফ করিম ও শরীফুল রাজকে নিয়ে।

‘ইনসাফ’ ছবির প্রথম ওয়ার্নিং বা টিজার গত সপ্তাহেই মুক্তি পেয়েছে। সিনেমাটির টিজার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিতও হয়েছে। এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘খুবই ভালো সাড়া পাচ্ছি। দেশ ও দেশের বাইরে যারা রিভিউ দিয়েছেন; ভালো বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। এখন তো যেখানেই যাচ্ছি, এই টিজার নিয়ে ভালো কথা শুনছি।’
টিজারে নজর কেড়েছে ফারিণ ও শরীফুল রাজ জুটি। ছবিতে অভিনয় করতে গিয়ে শরীফুল রাজের কাজ মুগ্ধ করেছে অভিনেত্রীকে।

ফারিণ বলেন, ‘বিশেষভাবে বলব রাজ ভাইয়ের কথা; তিনি এত দুর্দান্ত অভিনেতা…আমি যখন চিত্রনাট্য পাই, মনে হয় চরিত্রটি রাজ ভাইয়ের জন্যই লেখা হয়েছে। তাকে আমরা এভাবে দেখিনি। কিন্তু আমি জানি, এটা তিনি ভালোভাবে করতে পারবেন। সেই সঙ্গে মোশাররফ (করিম) ভাই আছেন, সব মিলিয়ে আমার একটা আত্মবিশ্বাস ছিল—চিত্রনাট্যে যা আছে আমরা যদি ঠিকঠাক শুট করতে পারি, ভালো কিছু হবে। কিছুদিন আগেই আমরা ছবির কিছু অংশ দেখেছি, নিজের কাছেও রোমাঞ্চকর লাগছে। যখন একটা কাজে নিজেরই এত ভালো অনুভূতি হয়, তখন আশা থাকে দর্শকেরও হয়তো ভালো লাগবে।’

‘ইনসাফ’ সিনেমায় রাজের নিবেদন দেখে মুগ্ধ ফারিণ আরও বলেন, ‘তিনি অসাধারণ অভিনেতা। তিনি যে এতটা কঠোর পরিশ্রমী আর নিবেদিতপ্রাণ অভিনেতা…তিনি পুরো শুটিংয়ে ফোন ব্যবহার করেননি। কেবল শুটিংয়ের সময় না, বাসাতেও না। মনোযোগে বিঘ্ন হয়, এমন কিছু চাননি। আমি নিজেই মাঝেমধ্যে তাকে ফোনে পাইনি। সাত–আট মাস ধরে একটা লোক ফোন ছাড়া, আমি তো ভাবতেই পারি না। শুটিংয়ের ফাকে আমরা হয়তো ফোন দেখি কিন্তু তিনি সারাক্ষণ বসে থাকেন, চরিত্র নিয়ে ভাবেন; তার সঙ্গে কাজ করা খুবই প্রেরণাদায়ক।’

এ ছাড়া এই সাক্ষাৎকারে ফারিণ কথা বলেন ছবির আরেক সহকর্মী মোশাররফ করিমকে নিয়েও। তিনি বলেন, ‘তার (মোশাররফ করিম) সান্নিধ্য পাওয়াটা অনেক বড়। তিনি এত জ্ঞানী মানুষ যে তার প্রতিটি কথাই আমি দৈব বাণীর মতো মেনে চলি। আমাকে যত উপদেশ দিয়েছেন, আজ পর্যন্ত সবই ইতিবাচক। তার উপস্থিতিই প্রেরণাদায়ক।’

ফারিণ জানান, প্রথমবার পুরোপুরি বাণিজ্যিক সিনেমায় অভিনয় করছেন, এটা নিয়ে তিনি নিজেও রোমাঞ্চিত। সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share